দেড় বছর পরে খুলছে দিল্লির স্কুল

করোনা মহামারির কারণে প্রায় দেড় বছর বন্ধ থাকার পর ভারতের রাজধানী দিল্লির স্কুলগুলো খুলে দেওয়া হয়েছে।

বুধবার থেকে সর্বোচ্চ ৫০ শতাংশ শিক্ষার্থী নিয়ে রাজ্যটির সব স্কুল খোলা থাকবে বলে এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে।

দিল্লিতে সম্প্রতি করোনার প্রাদুর্ভাব কমে যাওয়ায় ১৭ মাস পর স্কুলগুলো খুলে দেওয়ার এ উদ্যোগ নেওয়া হয়। প্রাথমিকভাবে বেশ কিছু নিয়ম মেনেই শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হবে। ক্লাসে প্রবেশের আগে শিক্ষার্থীদের থার্মাল স্ক্যানিং করা হবে।

দিল্লির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (ডিডিএমএ) নির্দেশনায় বলা হয়, সামাজিক দূরত্ব বজায় রাখা, বিশেষ করে মধ্যাহ্নবিরতিতে খাবারের সময় সোশ্যাল ডিসট্যান্স মেনে চলতে হবে। এর অংশ হিসেবে শিক্ষার্থীদের ছোট ছোট দলে ভাগ করে দুপুরের খাবারের ব্যবস্থা করার নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানগুলোকে জরুরি ব্যবহারের জন্য কোয়ারেন্টিন রুম চালুরও পরামর্শ দিয়েছে ডিডিএমএ। সংস্থাটির নীতিমালায় বলা হয়েছে, স্কুল খুললেও লকডাউন জোনে থাকা ছাত্র-শিক্ষকরা ক্লাসে যেতে পারবেন না।

এছাড়া দিনে যেন সর্বোচ্চ ৫০ শতাংশ শিক্ষার্থী ক্লাসে আসতে পারে সেভাবে রুটিন তৈরি করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও নির্দেশ দেওয়া হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.