নিজস্ব প্রতিবেদক।।
কয়েকদিনের চেষ্টায় অ্যাসাইনমেন্টের কাজ শেষ করে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া রাবেয়া আক্তার জুঁই (১২)। আজ মঙ্গলবার দুপুরের দিকে এগুলো জমা দিতে স্কুলে যাচ্ছিল সে। কিন্তু সেই অ্যাসাইনমেন্ট আর জমা দিতে পারেনি জুঁই। বালু বোঝাই ট্রাক্টরের চাকার নিচে পিষ্ট হয়ে মারা যায় সে।
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নিয়াতপুর ইউনিয়ন পরিষদের সামনে কিশোরগঞ্জ-চামড়াবন্দর সড়কে এ মর্মান্তিক ঘটনা ঘটে। পরিবারের লোকজন জানায়, মেয়েটির পড়াশোনায় খুব মনোযোগী ছিল।
নিহত জুঁই উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের বয়রা গ্রমের শাহ জুয়েল কিশোরের মেয়ে। সে স্থানীয় রৌহা গ্রামে অবস্থিত আলহাজ এরশাদ উদ্দিন নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী ছিল। তার বাবা শাহ জুয়েল পেশায় গায়ক।
স্থানীয়রা জানায়, মেয়েটি যখন অ্যাসাইনমেন্টের কাগজপত্র নিয়ে কিশোরগঞ্জ-চামড়াবন্দর সড়ক দিয়ে স্কুলে যাচ্ছিল, তখন বালু বোঝাই একটি ট্রাক্টর তাকে পেছন থেকে চাপা দেয়। পরে স্থানীয়রা দ্রুত করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্র জানায়, মেয়েটিকে হাসপাতাল নেওয়ার আগেই মারা যায়।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর ট্রাক্টর চালক পালিয়ে যায়। এ ব্যাপারে মেয়েটির বাবা থানায় মামলা করতে আগ্রহী নয়। তবে পুলিশ ট্রাক্টর ও এর চালককে আটকের চেষ্টা করছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
