৩ সেপ্টেম্বর থেকে ফ্লাইট চালুর প্রস্তাব ভারতের

 নিউজ ডেস্ক।।

ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে স্থগিত থাকা বাংলাদেশ ও ভারতের মধ্যে বিশেষ ব্যবস্থায় বিমান চলাচল আগামী ৩ সেপ্টেম্বর থেকে আবার শুরু করতে প্রস্তাব দিয়েছে ভারত। ‘এয়ার বাবল’ চুক্তির অধীনে সীমিত পরিসরে ভারতের সঙ্গে ফ্লাইট চালু বিষয়ে আজ সিদ্ধান্ত হবে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বেবিচকের দায়িত্বশীল একটি সূত্র জানায়, ভারত বাংলাদেশকে এয়ার বাবল চুক্তির প্রস্তাব দিয়েছিল। এর অধীনে বেবিচক তাদের একটি চিঠি পাঠায়। সেই চিঠির উত্তরে ভারত ফ্লাইট পরিচালনার তারিখ ঘোষণা করে। ভারত তাদের তিনটি এয়ারলাইন্সকে সপ্তাহে ৭টি ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। এদের মধ্যে স্পাইস জেট ৩টি, ইন্ডিগো ২টি ও এয়ার ইন্ডিয়া ২টি ফ্লাইট পরিচালনা করবে।

বেবিচককে দেওয়া চিঠিতে ভারত জানিয়েছে, ভারত থেকে যারা প্রবেশ করবে তাদের বাংলাদেশ সরকার নির্ধারিত করোনা বিধি মেনেই আসতে হবে। আর যারা বাংলাদেশ থেকে ভারত যাবে তাদের নিজ খরচে বিমানবন্দরে করোনা টেস্ট করাতে হবে। চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, এয়ার বাবল চুক্তির এ সময়ের মধ্যে বাংলাদেশ থেকে টুরিস্ট ভিসা নিয়ে কেউ ভারত যেতে পারবে না। বেবিচক গত ১৬ আগস্টের এক প্রজ্ঞাপনে জানিয়েছিল, এয়ার বাবলের আওতায় সব ধরনের ফ্লাইট (যে কোনো দেশে) স্থগিত রাখা হয়েছে। স্থগিতাদেশ তুলে ফেললে তা সবাইকে জানিয়ে দেওয়া হবে। বেবিচক আরও জানিয়েছিল, আগস্টের তৃতীয় সপ্তাহ থেকেই ভারতে ফ্লাইট চালুর প্রস্তুতি নেওয়া হয়েছিল।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.