অনলাইন ডেস্ক।।
শিক্ষা-প্রতিষ্ঠান স্কুল-কলেজের ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা গ্রাজুয়েট নির্ধারণ করার জন্য যে প্রস্তাব কমিটির কাছে এ সংক্রান্ত সংসদীয় ১ নম্বর সাব কমিটি উত্থাপন করেছিলো তা গ্রহণ না করে যোগ্যতা কিছুটা শিথিল করার কথা বলেছে শিক্ষামন্ত্রণালয়।
এ পদের জন্য যোগ্যতা এসএসসি পাস হলেই চলবে বলে চিন্তাভাবনা করছে মন্ত্রণালয়। মঙ্গলবার ২৪ আগস্ট জাতীয় সংসদে স্থায়ী কমিটির ১৩তম বৈঠক কমিটির সভাপতি মো. আফছারুল আমীনের সভাপতিত্বে সংসদ ভবনে এ আলোচনা।
এসময় কমিটির সদস্য শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ডাঃ দীপু মনি, উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, ফজলে হোসেন বাদশা, মো. আবদুস সোবহান মিয়া এবং এম এ মতিন বৈঠকে অংশ নেন।
বৈঠকে প্রথমত: স্কুল ও কলেজের ম্যানেজিং কমিটি/গভর্নিংবডি প্রবিধানমালা-২০২১ (২০০৯ এর সংশোধন/সংযোজন/প্রতিস্থাপন) সম্পর্কিত ১নং সাব-কমিটির রিপোর্ট উপস্থাপনের পর বিস্তারিত আলোচনা হয়।
তিন সদস্যের সাব কমিটির সদস্য এমপি ফজলে হোসেন বাদশা জানান, তারা স্কুল ও কলেজের ম্যানেজিং কমিটির সভাপতির নুণ্যতম যোগ্যতা গ্রাজুয়েট করার প্রস্তাব করলে শিক্ষামন্ত্রী, শিক্ষা উপ-মন্ত্রী ও কমিটির সভাপতি তাতে কিছুটা দ্বিমত পোষণ করেন।
তারা মনে করেন, গ্রাজুয়েট বড় বেশি যোগ্যতা হয়ে যাচ্ছে, দেশের সব স্কুল কলেজের ম্যানেজিং কমিটির সভাপতির পদে এ যোগ্যতা সম্পন্ন অভিভাবক পাওয়া নাও যেতে পারে। এনিয়ে জটিলতা সৃষ্টি হবে।
এ বিষয়ে শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ পদ। বাস্তবায়ন করতে যেয়ে অনেক সময় সমস্যার সম্মুখীন হতে হয়।
অনেকে বিদ্যালয়ের স্থান দান করেন তাদের অগ্রাধীকারও দিতে হয়। সে কারণে যোগ্যতা নিয়ে আরো ভাবা দরকার, তবে গ্রাজুয়েট বড় বেশি হয়ে যায়।
একেবারে বকলম কাউকেও এ পদে বসানো যায় না। তাকে কিছুটা আইন কানুন কিছুটা বুঝতে হবে। তাই আমরা পরে সভাপতি এসএসসি পাশ করা যায় কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেব।
বৈঠকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, কোন কোন সময় নির্বাচনের মাধ্যমে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে সভাপতি নির্বাচিত হন। কিন্তু আগের আইনে কোন শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা নেই।
তাই কেউ যদি গ্রাজুয়েট হতে হবে- এটাকে চ্যালেঞ্জ করেন তাহলে সমস্যা দেখা দেবে। তাই এ পদের জন্য কিছুটা কম শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন মানুষও নির্বাচিত বা মনোনীত হতে পারেন।
এ সময় মন্ত্রণালয়ের পক্ষ থেকে ম্যাট্রিক বা এসএসসি পাশ করার প্রস্তাব দেয়া হয়। তবে সংসদীয় কমিটি স্কুল-কলেজের ম্যানেজিং/ গভর্নিং কমিটির সভাপতির যোগ্যতা কী হবে তা মন্ত্রণালয়ের ওপর ছেড়ে দেন।
মহিবুল হাসান চৌধুরী জানান, তারা চান শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি এসএসসি পাশ এমন যোগ্যতা হোক। তবে কোন সভাপতি যদি কোন জনপ্রতিনিধি হন সেক্ষেত্রে তা কিছুটা শিথিলও করা যেতে পারে।
কমিটির সুপারিশ দেখে এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত মূলত শিক্ষা মন্ত্রণালয় আলোচনা করে ঠিক করবেন বলে তিনি জানান।
বৈঠকে এ বিষয়ে প্রয়োজনীয় সংশোধন করে পরবর্তী কার্যক্রম নেবার সুপারিশ করা হয়। তিনি জানান, স্কুল খোলার বিষয়টি যেহেতু চলমান বিষয়, সেকারণে এটি নিয়ে মন্ত্রণালয় কাজ করছে। কমিটিতে এনিয়ে তেমন কোন আলোচনা হয়নি।
বৈঠকে জানানো হয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে শিক্ষা দান কার্যক্রম চলমান রয়েছে। তবে ম্যানেজিং কমিটির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এসএসসি হওয়ার সম্ভাবনা রয়েছে ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
