এইমাত্র পাওয়া

জাপানি নারীর দুই মেয়েকে উদ্ধার করলো সিআইডি

নিজস্ব প্রতিনিধি।।

সন্তানের জন্য বাংলাদেশে আসা জাপানি নারীর দুই মেয়েকে উদ্ধার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক পিতা শরীফ ইমরানের জিম্মা থেকে তাদের উদ্ধার করা হয়। গতকাল গণমাধ্যমকে এ তথ্য জানান সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার জিসানুল হক। তারা বর্তমানে সিআইডি হেফাজতে রয়েছে। তবে কখন কোথা থেকে তাদের উদ্ধার করা হয় সে ব্যাপারে তিনি কিছু বলেননি।

স্বামী শরীফ ইমরানের সঙ্গে বিচ্ছেদের পর জাপানের আদালত ঘুরে দুই শিশুসন্তানকে ফিরে পেতে ঢাকায় এসে হাইকোর্টে রিট করেছিলেন জাপানি নাগরিক নাকানো এরিকো। হাইকোর্ট ৩১শে আগস্টের মধ্যে তাদের আদালতে হাজির করতে নির্দেশনা দিয়েছিলেন।

এর আগে বৃহস্পতিবার (১৯ আগস্ট) সন্তানদের ফিরে পেতে হাইকোর্টে রিট আবেদন করেন জাপানি নাগরিক নাকানো এরিকো। রিটে দুই শিশুসন্তানকে মা এরিকোর কাছে পাওয়ার নির্দেশনা চাওয়া হয়। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এরিকোর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির এ রিট করেছিলেন।

রিটে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ভার্চুয়াল বেঞ্চ এরিকোর দুই সন্তানসহ বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক শরীফ ইমরান ও তার বোনকে (ফুফু) সশরীরে আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.