নিজস্ব প্রতিবেদক।।
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবি জানিয়ে গাছতলায় ক্লাস নেয়ার কথা থাকলেও তা প্রত্যাহার করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মাইদুল ইসলাম।
রোববার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সামনে এসে শিক্ষার্থীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে তিনি ক্যাম্পাস ত্যাগ করেন।
মাইদুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে ক্লাস না নিতে নির্দেশনা দিয়েছেন। এমনই বেশকিছু চিঠি প্রশাসন বিভিন্ন দপ্তরে পাঠিয়েছেন, যাতে আমি ক্লাস না নিই। সরকার ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি শ্রদ্ধা রেখে আমি আজকের প্রতীকী ক্লাস উইথড্র করেছি।’
তিনি আরও বলেন, ‘সরকার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে যে সিদ্ধান্ত নিচ্ছে, এটাকে আমাদের অযৌক্তিক মনে হয়েছে। সবকিছু স্বাভাবিক, শুধু শিক্ষাপ্রতিষ্ঠান কেন বন্ধ? অবিলম্বে তিনি শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার আহ্বান জানান।’
উল্লেখ্য, গত বৃহস্পতিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে সশরীরে ক্লাস নেয়ার ঘোষণা দেন সহকারী অধ্যাপক মাইদুল ইসলাম। পূর্ব ঘোষণা অনুযায়ী প্রতীকী ক্লাসে অংশ নিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ২০ থেকে ২৫ জন শিক্ষার্থী ক্যাম্পাসে জড়ো হন।
এর আগে গত সোমবার (১৬ আগস্ট) করোনার মহামারির মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে গাছতলায় প্রতীকী ক্লাস নিয়েছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
