এইমাত্র পাওয়া

টিকার বিষয়ে প্রাথমিক ডিজি যা বললেন

নিউজ ডেস্ক।।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মহাপরিচালক আলমগীর মুহাম্মদ মনসুরুল আলম বলেছেন, সব শিক্ষককে টিকা নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। প্রাথমিকের প্রায় সবারই টিকা নেয়া শেষ। যারা এখনও নিতে পারেননি, তাদের নানা সমস্যা রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগে সব শিক্ষকের টিকা নিশ্চিত করা হবে। শনিবার বাংলাদেশ জার্নালকে তিনি শিক্ষকদের টিকার বিষয়ে এসব কথা বলেন।

এদিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বলছে, এখন পর্যন্ত ৮৩ দশমিক ৭২ ভাগ শিক্ষক-কর্মচারী টিকায় আওতায় এসেছে। প্রায় ৬৬ হাজার প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক-কর্মচারী আছেন তিন লাখ ৬৫ হাজার ৮৮৩ জন। এখন পর্যন্ত টিকা নিয়েছেন তিন লাখ ৬ হাজার শিক্ষক-কর্মচারী।

ডিপিইর তথ্য ব্যবস্থাপনা বিভাগের (আইএমডি) তথ্য অনুযায়ী, এখনও টিকার বাইরে আছেন ৬২ হাজার ৫৬৪ জন। তাদের মধ্যে অনেকেই নারী শিক্ষক। তাদের মধ্যে রয়েছেন অন্তঃসত্ত্বা, বুকের দুধ পান করাচ্ছেন এমন বা জটিল রোগে আক্রান্ত কিংবা নিবন্ধন করেও টিকা নেওয়ার তারিখ পাননি। তবে যারা এখনও বাকি রয়েছেন, তারা দ্রুত সময়ের মধ্যে টিকা নিতে পারবেন।

এ বিষয়ে জানতে চাইলে তথ্য ব্যবস্থাপনা বিভাগ (আইএমডি) শিক্ষা অফিসার শরীফ উল ইসলাম বাংলাদেশ জার্নালকে বলেন, অনেকেই রেজিস্ট্রেশন করে টিকার অপেক্ষায় রয়েছেন। এছাড়া প্রাথমিকে নারী শিক্ষকের সংখ্যা বেশি। যাদের অনেকেই মাতৃত্বকালীন ছুটি ও শিশুকে বুকের দুধ খাওয়াচ্ছেন।

এছাড়াও অনেকের শারিরীক সমস্যা রয়েছে। আমরা চেষ্টা করছি সব বিষয়গুলো খুঁজতে। এরপর তালিকা করে যারা এখনো টিকা দেননি তাদের টিকার আওতায় আনতে কাজ করবে অধিদপ্তর।

এর আগে গত ২৮ জুলাই প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট সবাইকে ১১ আগস্টের মধ্যে করোনার টিকা নেয়ার নির্দেশ দেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। বিভাগীয় উপরিচালক, জেলা শিক্ষা অফিসার, উপজেলা ও থানা শিক্ষা অফিসার, সব পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট, উপজেলা ও থানা রিসোর্স সেন্টারকে তথ্য পাঠাতে নির্দেশ দেয়া হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.