অনলাইন ডেস্ক।।
ইউএনওর সরকারি বাসভবনে হামলার ঘটনায় অপ্রীতিকর ঘটনা এড়াতে বরিশাল নগরীতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হচ্ছে। একই সঙ্গে মাঠে থাকবেন অতিরিক্ত ১০ নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। তিনি জানান, বুধবার (১৮ জুলাই) রাতে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিবুর রহমানের সরকারি বাসভবনে কয়েক দফা হামলা চালানো হয়। এ ঘটনায় পুলিশ ও আনসার সদস্যসহ অন্তত ৩০-৪০ জন আহত হন। এ ঘটনার পর নিরাপত্তার কথা চিন্তা করে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিজিবি ও অতিরিক্ত ম্যাজিস্ট্রেট চাওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে খুলনা জোন থেকে ১০ প্লাটুন বিজিবি রওনা হয়েছে। এছাড়া পিরোজপুর ও পটুয়াখালী থেকে ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট আসছেন।
এদিকে ইউএনওর সরকারি বাসভবনে হামলার ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত ১২ জনকে আটক করা হয়েছে। জড়িত অন্যদের আটকে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি এ হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। একটির বাদী হয়েছে পুলিশ। অন্য মামলাটি ইউএনও নিজেই করেছেন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভূঞা এসব তথ্য নিশ্চিত করেছেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
