নিউজ ডেস্ক।।
দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে এসে খরচাপাতি নিয়ে ভাবতেই হয় শিক্ষার্থীদের। তবে তাদের এসব ভাবনা উড়িয়ে দিতে অনেক বিশ্ববিদ্যালয়েই চালু করা আছে বৃত্তি। তেমনই এক বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর অন্যতম এই বিশ্ববিদ্যালয়।
এই বিশ্ববিদ্যালয় মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনার সুবিধার্তে বৃত্তি দিয়ে থাকে। বিষয়টি আরেকটু নিশ্চিত করেছেন উপপরিচালক ও জনসংযোগ বিভাগের প্রধান আবু সাদাত। তিনি বললেন, দেশে সবচেয়ে বেশি শিক্ষা বৃত্তি দিয়ে থাকে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)।
আবু সাদাত আরো জানালেন, প্রতিবছর স্প্রিং, সামার এবং ফল সেমিস্টারে শিক্ষার্থী ভর্তি করানো হয়। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে ২৫ শতাংশ এবং গোল্ডেন ৫ পাওয়াদের জন্য ৫০ শতাংশ পর্যন্ত টিউশন ফি ছাড়ের সুবিধা। প্রতি সেমিস্টারের ফলাফলের ওপর ভিত্তি করে ২০ শতাংশ শিক্ষার্থী বৃত্তি লাভ করে। এর মধ্যে ৪ শতাংশ শতভাগ, ৬ শতাংশ ৫০ ভাগ আর বাকি ১০ শতাংশ শিক্ষার্থী পায় ২৫ ভাগ বৃত্তি। ৩ শতাংশ শিক্ষার্থী পায় মুক্তিযোদ্ধা কোটায় বৃত্তি। এ ছাড়া শিক্ষার্থীদের জন্য রয়েছে সুদবিহীন ঋণের ব্যবস্থাও।
ইউআইইউ সম্পর্কে যা কিছু:
২০১৮ সালের ফেব্রুয়ারিতেই ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষা ও গবেষণা কার্যক্রম স্থানান্তরিত হয় রাজধানীর মাদানি এভিনিউর ইউনাইটেড সিটিতে। সেখানে ২৫ বিঘা জমিতে রয়েছে ইউআইইউ’র ১৩ তলাবিশিষ্ট নিজস্ব ক্যাম্পাস। এর মধ্যে রয়েছে ২০ বিঘার বিশাল সবুজ মাঠ।
এর আগে ২০০৩ সালে রাজধানীর ধানমণ্ডির ১৫ নম্বরে ৭৬ জন শিক্ষার্থী নিয়ে বিশ্ববিদ্যালয়টির যাত্রা শুরু। এখন ছয় হাজার শিক্ষার্থীর জন্য আছেন দুই শতাধিক শিক্ষক। এর মধ্যে বুয়েট, উত্তর আমেরিকাসহ বিভিন্ন দেশের পিএইচডি ডিগ্রিধারী শিক্ষক আছেন ৪৫ জন।
যা পড়ানো হয়:
এখানে পড়ানো হয় ব্যবসায় প্রশাসন, বিবিএ ইন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, ইকোনমিকস, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং, ইংরেজি, ফার্মেসি ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং।
স্নাতকোত্তর শ্রেণিতে রয়েছে এমবিএ, ইভিনিং এমবিএ, অর্থনীতিতে মাস্টার্স, ডেভেলপমেন্ট স্টাডিজ, মাস্টার ইন ইন্টারন্যাশনাল এইচআরএম ও কম্পিউটার সায়েন্সসহ ছয়টি বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি নেয়ার সুবিধা।
যা আছে স্থায়ী ক্যাম্পাসে:
বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের জন্য ক্যাম্পাসে রয়েছে ৭০০ আসনের অডিটরিয়াম। আরো আছে স্টাডি কর্নার, নামাজের ঘর, আধুনিক যন্ত্রপাতিসমৃদ্ধ জিমনেশিয়াম, খেলার রুম, স্বাস্থ্যসম্মত ক্যান্টিন এবং মেয়েদের জন্য আলাদা কমনরুম। রয়েছে আন্তর্জাতিক মানের মাল্টিমিডিয়া ও শীতাতপ নিয়ন্ত্রিত ১০০টি স্মার্ট ক্লাসরুম। ওয়াই-ফাই ও সিসিটিভি ক্যামেরায় পুরো ক্যাম্পাস নিয়ন্ত্রিত। নিচতলায় রয়েছে বিক্রমপুর, খান কিচেন ও অলিম্পিয়া ক্যাফে। এগুলোর দেয়ালে ঝোলানো আছে খাবারের মূল্যতালিকা।
ভিসি বললেন:
ভিসি অধ্যাপক ড. চৌধুরী মোফিজুর রহমান বলেন, একটি ভালো মানের বিশ্ববিদ্যালয় হিসেবে প্রথমে দেখতে হয় মানসম্মত শিক্ষাদান পদ্ধতি অনুসরণ হচ্ছে কি না, বিশ্ববিদ্যালয়ে ভালো মানের শিক্ষক, গবেষণার সুবিধা, গবেষণাকাজের ক্ষেত্র তৈরি ইত্যাদি বিষয় অন্তর্ভুক্ত কি না। এসব বিবেচনায় ইউআইইউ একটি আদর্শ বিশ্ববিদ্যালয়। এখানকার সব নিয়ম-কানুন স্বচ্ছ ও জবাবদিহিমূলক। এখানে লুকোচুরির কোনো সুযোগ নেই। মানের বিষয়ে আপস করা হয় না। এটি ধূমপানমুক্ত ও অরাজনৈতিক ক্যাম্পাস। কোনো হিডেন চার্জ নেই। শিক্ষার্থীরা যেসব প্রতিশ্রুতি পেয়ে ভর্তি হচ্ছে, পড়তে এসে ঠিক সে সুবিধাগুলোই পাচ্ছে। শিক্ষার্থীদের জন্য অনলাইন নিউজবক্স খোলা আছে। কোনো অভিযোগ থাকলে এর মাধ্যমে জানানো যায়। আমরাও সরাসরি সেগুলো পর্যালোচনা করে সমাধান করি। এ ছাড়া শিক্ষার্থীরা প্রতিদিন একটি নির্দিষ্ট সময় ভিসি ও প্রো-ভিসির সঙ্গে সরাসরি কথা বলতে পারে। একটি বিশ্ববিদ্যালয়ের মান নির্ণয়ের আন্তর্জাতিক র্যাংকিংয়ে মূলত গবেষণাকে প্রাধান্য দেয়া হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল

