এইমাত্র পাওয়া

বঙ্গবন্ধুর আপোষহীন নেতৃত্ব বিশ্বের ইতিহাসে বিরল: মোস্তফা জব্বার

নিউজ ডেস্ক।।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর নির্মম-হত্যাকাণ্ডের নেপথ্য ষড়যন্ত্র ছিল বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার নীলনকশা।
তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির হাজার বছরের ইতিহাসের অবিচ্ছেদ্য একটি অধ্যায়। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও বাংলাদেশি-বাঙালির স্বাধীকার প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর আপোষহীন নেতৃত্ব বিশ্বের ইতিহাসে বিরল। আমাদের একজন বঙ্গবন্ধু ছিলেন বলেই বাংলাদেশ নামে স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব হয়েছে।

মোস্তাফা জব্বার জাতীয় শোক দিবস উপলক্ষে রোববার বিকেলে রাজধানীতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. আফজাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিটিআরসি’র চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব মো. শাহাদাৎ হোসেন এবং ডাক বিভাগের অতিরিক্ত মহাপরিচালক হারুনুর রশীদ বক্তৃতা করেন। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন লেখক, গবেষক বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির।

১৯৪৮ সাল থেকে আজকের দিন পর্যন্ত বাংলাদেশের উত্তরণের বিভিন্ন প্রেক্ষাপট তুলে ধরে ওই সভায় মন্ত্রী বলেন, স্পেনের কাতালোনিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে স্বাধীনতার জন্য বিচ্ছিন্ন আন্দোলন হচ্ছে কিন্তু তাদের অর্জন প্রশ্নবিদ্ধ।

তিনি আরো বলেন, একজন বঙ্গবন্ধু ছিলেন বলেই আমরা বাংলাদেশ স্বাধীন করতে পেরেছি। ১৯৭০ সালের নির্বাচনে অনেকের বিরোধিতা সত্ত্বেও বঙ্গবন্ধু ওই নির্বাচনে অংশ নিয়ে রাজনৈতিক নেতৃত্বের দূরদর্শিতার পরিচয় দিয়েছেন। ফলে বিশ্বে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন হিসেবে চিহ্নিত করার সুযোগ ছিল না। এরই ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধ বিশ্বের অন্যান্য দেশের ব্যাপক সমর্থন লাভ করে।

এ সময় মোস্তাফা জব্বার দেশের অগ্রগতিতে বঙ্গবন্ধুর উত্তরসূরী হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ করার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর লালিত স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় গত ১২ বছরের সার্বিক সফলতা তুলে ধরেন।

তিনি বলেন, এজন্যই বাংলাদেশ আজ উন্নয়নের অগ্রযাত্রায় বিশ্বের রোল মডেল। মূল প্রবন্ধে বঙ্গবন্ধুর জীবনের চারিত্রিক দৃঢ়তা, তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক উপাখ্যান আগরতলা ষড়যন্ত্র মামলার প্রেক্ষাপটসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.