নিউজ ডেস্ক।।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষায় এক বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীরা বুধবার সকালে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করেছেন। শিক্ষার্থীরা জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষ পরীক্ষা ২০২১ সালে সম্পন্ন হয়। গত ২০ জুলাই এর ফল প্রকাশিত হয়। উক্ত ফলাফলে ৭২ শতাংশ কৃতকার্য এবং বাকি ২৮ শতাংশ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। ফলাফলে ২৪ হাজারের বেশি শিক্ষার্থীকে এক বিষয়ে অকৃতকার্য দেখানো হয়েছে এবং অনেকে সশরীরে পরীক্ষা দিয়েও অনেক শিক্ষার্থীকে অনুপস্থিত দেখানো হয়। অনেক শিক্ষার্থীর চতুর্থ বর্ষের ১০টি কোর্সের মধ্যে ৯টিতে প্রথম শ্রেণি পেলেও তুলনামূলক সহজ বিষয়ে যেমন সাংগঠনিক আচরণ, প্রকল্প ব্যবস্থাপনা ইত্যাদিতে গণহারে অকৃতকার্য দেখানো হয়েছে। শিক্ষার্থীরা অভিযোগ করেন, তারা খুব ভালো পরীক্ষা দেওয়া সত্ত্বেও গণহারে একই বিষয়ে অনেকে অকৃতকার্য হয়েছে। যেটি কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়।
শিক্ষার্থীরা দ্রুততম সময়ে পরীক্ষা নিয়ে ফলাফল প্রদান এবং যারা পুনঃ নিরীক্ষণের জন্য আবেদন করবে তাদের খাতাগুলো নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে পাঠানোর জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন।
এ ব্যাপারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার বদরুজ্জামান জানান, শতকরা ২৮ ভাগ ফেল করার বিষয়টি সঠিক নয়। কারণ এখানে অন্তত ১০ ভাগ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে কলেজগুলো খোলা হলে দ্রুততম সময়ে পরীক্ষা নেওয়া হবে। আর নিজ নিজ কেন্দ্রে পরীক্ষার খাতা পাঠানোর কোনো নিয়ম নেই। পরীক্ষার খাতার মধ্যে পরীক্ষার্থীর নাম ও কলেজের নাম লেখা থাকে না।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
