অনলাইন ডেস্ক।।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ হাদিস উদ্দিন (৭২) মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (০৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে বর্তমান আইজিপি ড. বেনজীর আহমেদ গভীর শোক প্রকাশ করেছেন।
পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) সোহেল রানা স্বক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোহাম্মদ হাদিস উদ্দিন ১৯৭৩ ব্যাচের পুলিশ কর্মকর্তা। তিনি ২০০৫ সালের ৭ এপ্রিল থেকে একই বছরের পর্যন্ত সততা, দক্ষতা ও সুনামের সঙ্গে বাংলাদেশ পুলিশের আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন। মরহুমের জানাজা আজ বাদ আসর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ডি ব্লক মসজিদে অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে বনানী কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মোহাম্মদ হাদিস উদ্দিন স্ত্রী, দুই ছেলেসহ আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ১৯৪৯ সালে নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর গ্রামে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
আইজিপির শোকঃ
সাবেক আইজিপি মোহাম্মদ হাদিস উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বর্তমান আইজিপি ড. বেনজীর আহমেদ।
আইজিপি এক শোকবার্তায় বলেন, মোহাম্মদ হাদিস উদ্দিন একজন সৎ ও দক্ষ পুলিশ কর্মকর্তা ছিলেন। আইজিপি হিসেবে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে গেছেন। আমরা শ্রদ্ধার সঙ্গে তাঁর অবদান স্মরণ করছি। শোক বার্তায় ড. বেনজীর আহমেদ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
