চীনে স্কুল শিক্ষার্থীদের টিকাদান শুরু

নিউজ ডেস্ক।।

চীনে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুলগামী শিক্ষার্থীদের টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। সেই মোতাবেক ইতিমধ্যে টিকা দান শুরু হয়েছে। খবর প্রকাশ করেছে বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, আজ বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে পাওয়া তথ্য অনুযায়ী বিগত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৮৫ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত করা হয়েছে। আগেরদিন এ সংখ্যটা ছিল ৯৬ জন। তাদের মধ্যে অধিকাংশই স্থানীয়ভাবে আক্রান্ত হন।

চীনে করোনার ডেল্টা ভেরিয়েন্টের সংক্রমণ ক্রমশ বাড়ছে। তাই পরিস্থিতি মোকাবিলা করতে স্কুলগামী শিক্ষার্থীদের টিকা দেওয়ার সিদ্ধান্ত।

জানা গেছে, চীনের ১৬টি প্রদেশ ও মিউনিসিপ্যাল এলাকায় ভাইরাসটির সংক্রমণ নতুন করে ছড়িয়েছে। এমতাবস্থায় স্কুলের শিক্ষার্থীদের টিকার আওতায় আনা ও টিকাদানের হার বাড়াতে স্থানীয় প্রশাসনকে আহ্বান জানিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়।

চীনা সরকার চাইছে, চলতি বছরের শেষ নাগাদ যেন দেশটির ৮০-৮৫ শতাংশ মানুষ টিকার আওতায় আসে। তবে এখন পর্যন্ত কত শতাংশ মানুষ এর আওতায় এসেছেন তার সঠিক তথ্য পাওয়া যায়নি। যদিও সরকারি হিসাব বলছে, এরইমধ্যে ১৬০ কোটি ডোজ টিকাদান সম্পন্ন হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.