এবারও শেখ হাসিনার নামে কোরবানি দেবেন মুক্তিযোদ্ধা জাবেদ আলী

নিউজ ডেস্ক।।

টাঙ্গাইলের মির্জাপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে এবারও কোরবানি দেবেন বীর মুক্তিযোদ্ধা জাবেদ আলী। তিনি ১২ বছর ধরে প্রধানমন্ত্রীর নামে পশু কোরবানি দিয়ে আসছেন।

তিনি উপজেলার গোড়াই ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার। তার বাড়ি ওই ইউনিয়নের খামারপাড়া গ্রামে।

জাবেদ আলী জানিয়েছেন, ১/১১-এর সময় শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হলে আল্লাহর কাছে তিনি মোনাজাত করে বলেছিলেন, ‘শেখ হাসিনা মুক্ত হয়ে দেশের শাসনভার নিতে পারলে প্রতিবছর ঈদুল আজহায় তার নামে পশু কোরবানি দেব’।

সেই থেকে গত ১২ বছর ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে পশু কোরবানি দিয়ে আসছেন জাবেদ আলী। এবারও তিনি ৮২ হাজার টাকা দিয়ে মঙ্গলবার দেওহাটা হাট থেকে একটি গরু কিনেছেন। বুধবার ঈদুল আজহার দিন প্রধানমন্ত্রীর নামে এটি কোরবানি দেবেন সাত সন্তানের জনক জাবেদ আলী।

গোড়াই খামারপাড়া গ্রামের বাবুল শিকদার, মো. আবুল কাশেম, মো. এমারত হোসেন, বাচ্চু মিয়া, আল শাহরিয়ার মাসুদ ও আমছের মিয়া জানান, মুক্তিযোদ্ধা জাবেদ আলী এক যুগ ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে পশু কোরবানি করছেন।

মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস বলেন, জাবেদ আলী একজন সত্যিকারের মুজিব সৈনিক। তিনি স্পষ্টবাদী ও সবসময় ন্যায়ের পক্ষে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.