এইমাত্র পাওয়া

ছুটি পাবেন না ক্রিকেটাররা

নিউজ ডেস্ক।।

টি-২০ সিরিজে ছুটি নিয়েই জিম্বাবুয়ে সফরে গিয়েছিলেন মুশফিকুর রহিম। টানা জৈব সুরক্ষাবলয়ে থাকার ধকল কমাতেই বিশ্রাম চেয়েছিলেন। এখন বাধ্য হয়ে সুরক্ষাবলয়ের কারণেই সিদ্ধান্ত বদলাতে হয়েছে মুশফিককে। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার জন্যই জিম্বাবুয়েতে টি-২০ সিরিজে খেলতে হচ্ছে অভিজ্ঞ এ উইকেটকিপারকে।

পাঁচটি টি-২০ খেলতে আগামী ২৮ জুলাই বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। আগস্টের ২-৮ তারিখের মধ্যে সবগুলো ম্যাচ খেলবে অ্যারন ফিঞ্চের দল। সফরের আগে অনেক শর্ত জুড়ে দিয়েছে তারা। যার মধ্যে উল্লেখযোগ্য হলো—সিরিজে অংশ নেওয়া বাংলাদেশের ক্রিকেটারদের অন্তত ১০ দিন সুরক্ষাবলয়ে থাকতে হবে।

ওয়ানডে সিরিজ খেলে জিম্বাবুয়ে থেকে আগে দেশে ফিরলে পরে সুরক্ষাবলয়ে প্রবেশ করতে সমস্যার মুখে পড়তে হবে মুশফিককে। তাই জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ সিরিজে ছুটি নিচ্ছেন না তিনি। সিরিজ খেলে দলের সঙ্গেই ফিরবেন তিনি।

মুশফিকের সিদ্ধান্ত বদল সম্পর্কে গতকাল জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘অস্ট্রেলিয়া সিরিজের জন্য অন্তত ১০ দিন আগে থেকে বায়ো-বাবলে থাকতে হবে। মুশফিক ওয়ানডে খেলে দেশে ফিরলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওর খেলা কঠিন হয়ে যাবে। এটা নিয়েই আমরা আলোচনা করেছি। অস্ট্রেলিয়া সিরিজে তাকে প্রয়োজন। এ কারণে সিদ্ধান্ত পরিবর্তন করেছে।’

এমনিতেই ঈদুল আজহা জিম্বাবুয়েতে কাটবে বাংলাদেশের ক্রিকেটারদের। অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজের কারণে জিম্বাবুয়ে থেকে দেশে ফিরে ছুটি পাবেন না বাংলাদেশের ক্রিকেটাররা। ২৭ জুলাই হারারেতে শেষ টি-২০ খেলবেন মুশফিকরা। তারপর ২৯ জুলাই দেশে ফিরে বিমানবন্দর থেকে সোজা সুরক্ষাবলয়ে ঢুকতে হবে। বাসায় ফিরতে পারবেন না কেউই। তাই অস্ট্রেলিয়া সিরিজ খেলতে চাইলে জিম্বাবুয়ে সফরেও টি-২০ খেলতে হবে ক্রিকেটারদের।

আগামী মাসের হোম সিরিজের কথা বিবেচনা করে জিম্বাবুয়ে সফরের ওয়ানডে দলের কয়েক জন ক্রিকেটারকেও টি-২০ সিরিজের সময় রেখে দেওয়া হবে। যাতে অস্ট্রেলিয়া সিরিজের সময় স্কোয়াডে পর্যাপ্ত ক্রিকেটার থেকে। ঝুঁকি নিতে চান না নির্বাচকরা। ইনজুরি, করোনা সবমিলিয়ে স্কোয়াডটা বড় করা হবে।

আঙুলের ইনজুরি কাটিয়ে হারারে টেস্টে খেলেছিলেন মুশফিক। কিন্তু প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সময় আবারও তার আঙুলে বল লেগেছিল। ম্যাচের বাকি সময় মাঠেই নামেননি। তবে এখন সেরে উঠেছেন মুশফিক। গত দুই দিন অনুশীলন করেছেন তিনি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.