এইমাত্র পাওয়া

মামলা-জরিমানা করেও আটকানো যাচ্ছে না মানুষদের

নিজস্ব প্রতিবেদক।।

লকডাউন মানাতে মামলা-জরিমানা করেও ঘরে আটকে রাখা যাচ্ছে না মানুষদের। সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের অষ্টমদিনে বিনা প্রয়োজনে গাড়ি নিয়ে বের হওয়া, রাস্তায় অনর্থক ঘোরাফেরা করা, মাস্ক না পরা, বাইকে দুজনসহ বিভিন্ন বিধিনিষেধ অমান্য করায় সারাদেশে ২১৭ জনকে দুই লাখ ১৮ হাজার ৭০০ টাকা জরিমানা করেছে র‌্যাব। ৩৬টি ব্যাটালিয়নের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অভিযান পরিচালিত হয়।

বৃহস্পতিবার বাংলাদেশ জার্নালকে এসব তথ্য নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।

আ ন ম ইমরান খান বলেন, বিধিনিষেধ বাস্তবায়নে সারাদেশে র‌্যাবের ১৯৫টি টহল ও ২০০টি চেকপোস্ট পরিচালিত হয়। বিনা প্রয়োজনে মানুষের চলাচল নিয়ন্ত্রণে র‌্যাবের জনসচেতনতামূলক মাইকিং লিফলেট বিতরণ ও বিনামূল্যে দুই হাজার মাস্ক বিতরণ করে র‌্যাব। এ কর্মসূচি বিধিনিষেধকে কেন্দ্র করে চলমান থাকবে।

এছাড়া র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরকার কর্তৃক বিধিনিষেধ বাস্তবায়নে জনসচেতনতা বৃদ্ধিতে মোবাইলকোর্ট পরিচালনা করেছেন। র‌্যাব জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দেশব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে।

এর আগে র‍্যাবের অভিযানে কঠোর বিধিনিষেধের প্রথম দিন বৃহস্পতিবার (১ জুলাই) সারাদেশে ১৮২ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছিলো র‌্যাব। জরিমানা করা হয়েছিলো প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা। দ্বিতীয় দিন শুক্রবার নিষেধাজ্ঞা অমান্য করায় সারাদেশে ২১৩ জনকে ২ লাখ ১৫ হাজার ৫৪০ টাকা জরিমানা করেছিলো র‌্যাব।

গত শনিবার তৃতীয় দিন ২৭৭ জনকে ১ লাখ ৯৮ হাজার ১৭৫ টাকা জরিমানা করা হয়। রোববার ৪৩৮ জনকে ৪ লাখ ৪ হাজার ৭৫০ টাকা জরিমানা করা হয়েছে। পঞ্চমদিনে বিধিনিষেধ অমান্য করায় সারাদেশে ৩৫০ জনকে দুই লাখ ৯৫ হাজার ৬১৫ টাকা জরিমানা করেছে র‌্যাব।

মঙ্গলবার ৬ জুলাই সারাদেশে ৪১৫ জনকে দুই লাখ ৩৭ হাজার ২০০ টাকা জরিমানা করেছে র‌্যাব। এবং গতকাল বৃহস্পতিবার সারাদেশে ১৯৩ জনকে এক লাখ ২৬০ টাকা জরিমানা করেছে র‌্যাব।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.