এইমাত্র পাওয়া

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ভিসির শুভেচ্ছা

নিউজ ডেস্ক।।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত ভিসি অধ্যাপক আনন্দ কুমার সাহা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, অ্যালামনাইসহ সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন তিনি।
সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক ড. আজিজুর রহমান প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ শুভেচ্ছা জানানো হয়।

শুভেচ্ছা বার্তায় উপাচার্য বলেছেন, বিগত প্রায় সাত দশক ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয় দেশে উচ্চশিক্ষা ও গবেষণাক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এর স্নাতকরা দেশ-বিদেশে নিজ নিজ কর্মক্ষেত্রে সাফল্য ও উৎকর্ষের স্বাক্ষর রেখে চলেছে। ফলে এই বিশ্ববিদ্যালয় এক বিশেষ মর্যাদা লাভ করেছে। আগামী দিনগুলিতেও সে ধারা অক্ষুন্ন থাকবে বলে আমি আশা রাখি।

তিনি আরো বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই তাদের প্রতি যাদের দাবিতে প্রতিষ্ঠিত হয়েছিল এই বিশ্ববিদ্যালয়। আর যাদের অক্লান্ত পরিশ্রম আর নিষ্ঠায় গড়ে উঠেছে এই বিশ্ববিদ্যালয়। পাশাপাশি আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলকে জানাই প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা।

১৯৫৩ সালের ৬ জুলাই দেশের দ্বিতীয় বিশ্ববিদ্যালয় হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে রাজশাহী বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার (৬ জুলাই) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৫৩ সালে দুটি অনুষদের ছয়টি বিভাগ নিয়ে যে বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছিল ,আজ সেখানে ১২টি অনুষদের ৫৯টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউটে শিক্ষা ও গবেষণা কার্যক্রম চলছে। আগামীতে এখানে আরো কয়েকটি অনুষদ ও বিভাগ চালুর পরিকল্পনা আছে। বিগত এক দশকেরও বেশি সময় ধরে এখানে অবকাঠামোগত উন্নয়নের এক গতিশীল ধারা চলছে। এর ফলে শিক্ষার্থীদের জন্য এক অনুকুল পরিবেশ গড়ে উঠছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.