সংসদে বাজেটের সমাপনী অধিবেশন শুরু

নিউজ ডেস্ক।।

জাতীয় সংসদের বাজেট অধিবেশন দুই দিন বিরতির পর আজ শনিবার সকাল ১১টায় পুনরায় শুরু হয়েছে। এতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করছেন।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, আজ সমাপনী দিনে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক ‘জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ বিল-২০২১’ ও ‘গান্ধী আশ্রম (ট্রাস্টি বোর্ড) বিল-২০২১’ নামে দুটি বিল উত্থাপন করবেন।

এছাড়া তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ উত্থাপিত ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট বিল-২০২১’ পাস হওয়ার কথা রয়েছে। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাপনী ভাষণের মধ্য দিয়ে অধিবেশন শেষ হবে।

করোনা পরিস্থিতিতে কঠোরভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করে গত ২ জুন শুরু হওয়া সংসদের অধিবেশনে ৩ জুন বাজেট প্রস্তাব উত্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এরপর দুদিনের আলোচনা শেষে ৭ জুন সম্পুরক বাজেট পাস এবং ১৪ জুন থেকে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা শুরু হয়।

প্রায় ২০ ঘন্টা আলোচনা শেষে গত ৩০ জুন বাজেট পাস হয়। ১২ কার্যদিবস শেষে অধিবেশন শেষ হবে। করোনা মহামারির কারণে গত বছর মাত্র ৯ কার্যদিবস চলে বাজেট অধিবেশন, যা বাংলাদেশের ইতিহাসের সংক্ষিপ্ততম অধিবেশন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.