নিউজ ডেস্ক।।
করোনা (কোভিড-১৯) মহামারি পরিস্থিতিতে বিশেষ বিসিএসের আয়োজন করতে যাচ্ছে সরকারি কর্ম কমিশন। ৪৪তম এ বিসিএসে ৪০৯ জন চিকিৎসককে নিয়োগ দেওয়া হবে।
অন্যান্য বিশেষ বিসিএসে প্রিলিমিনারি এবং ভাইভা হলেও এ বিসিএসে শুধু মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়া হবে। এজন্য সরকারি কর্ম কমিশনের নিয়োগ বিধিমালা সংশোধন করে চলতি মাসেই সার্কুলার দেওয়া হতে পারে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রটি জানায়, বিশেষ বিসিএসে শুধু মৌখিক পরীক্ষার (ভাইভা) মাধ্যমে ৪০৯ জন চিকিৎসককে জুনিয়র কনসালট্যান্ট (অ্যানেস্থেসিওলজি) হিসেবে নিয়োগ দেওয়া হবে। এজন্য বিসিএস নিয়োগ বিধিমালা-১৯৮১ সংশোধন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। চলতি মাসেই ৪৪তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।
জানা গেছে, দেশের বিভিন্ন হাসপাতালে অপারেশন থিয়েটারে অ্যানেস্থেসিওলজিস্ট সংকট রয়েছে। এ কারণে অনেক হাসপাতালে অস্ত্রোপচার বন্ধ রয়েছে। এসব পদে জরুরিভিত্তিতে অ্যানেস্থেসিওলজিস্ট নিয়োগ দেওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে চাহিদাপত্র পাঠায় হাসপাতালগুলো। এসব হাসপাতালের চাহিদাপত্র জনপ্রশাসনে দেওয়া হলেও কোনো সাড়া মেলেনি। এবার সেই নিয়োগ আলোর মুখ দেখতে যাচ্ছে। এছাড়াও অ্যানেস্থেসিওলজির শূন্য পদ দ্রুত পূরণের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও নির্দেশনা রয়েছে।
এরই পরিপ্রেক্ষিতে বিধিমালা সংশোধন করে গত ২৮ জুন গেজেট প্রকাশ করা হয়। এ পদে নিয়োগ পেতে সংশ্লিষ্ট বিষয়ে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা লাগবে। এছাড়া এ বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট বা ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে।
এ প্রসঙ্গে পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন গণমাধ্যমকে বলেন, যেকোনো ধরনের বিশেষ বিসিএস নিতে হলে পিএসসির নিয়োগ বিধিমালা সংশোধন করতে হয়। সরকার যদি প্রয়োজন মনে করে তবে সেটা করা হতে পারে।
৪৪তম বিসিএসে শুধু ভাইভার মাধ্যমে চিকিৎসক নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, এ নিয়োগ বিধিমালা সংশোধনের কোনো চাহিদা বা পত্র এখনও আমরা পায়নি। পেলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
