করোনায় নতুন উপসর্গ মলদ্বারে রক্তক্ষরণ

অনলাইন ডেস্ক।।

করোনায় আক্রান্ত রোগীদের মলদ্বারে রক্তক্ষরণের মতো উপসর্গ দেখা যাচ্ছে। ভারতের রাজধানী দিল্লির একটি বেসরকারি হাসপাতালে পাঁচ রোগীর শরীরে এই উপসর্গ দেখা গেছে। খবর আনন্দবাজার অনলাইন।
সাধারণত সাইটোমেগালোভাইরাসে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে মলত্যাগের সময়ে রক্ত পড়ার ঘটনা ঘটে থাকে। কিন্তু এই প্রথমবার কোনো কোভিড আক্রান্ত স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতার মানুষের শরীরে এই উপসর্গ দেখা দিয়েছে। এতে রীতিমতো উদ্বিগ্ন হয়ে পড়ছেন বিশেষজ্ঞরা।

এক বিবৃতিতে ওই বেসরকারি হাসপাতাল জানিয়েছে, কোভিডের চিকিৎসায় প্রচুর ওষুধ ও স্টেরয়েড ব্যবহার করার কারণেই এই জাতীয় রোগ দেখা দিয়েছে রোগীদের শরীরে। পেটে অসহ্য যন্ত্রণা এবং মলত্যাগের সময়ে রক্তক্ষরণ হয় এই রোগে আক্রান্তদের। স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতার মানুষের মধ্যে এই রোগের কোনো উপসর্গ দেখা যায় না। কিন্তু কোভিডের কারণে ওই রোগীদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় তারা এই রোগে আক্রান্ত হয়েছেন। প্রচুর রক্তক্ষরণের ফলে দু’জনের অবস্থা সঙ্কটজনক এবং একজনের মৃত্যু হয়েছে। তবে বাকি তিনজনকে গ্যানসিক্লোভির ওষুধ দিয়ে সুস্থ করা গেছে।
ওই হাসপাতালের চিকিৎসক সচিন অম্বেদকর বলেছেন, ‘কোভিড সংক্রমণ প্রতিরোধে ভিটামিন সি ও ডি এবং হার্বাল ও কড়া জাতীয় পানীয় বেশি খাওয়ার ফলে দীর্ঘমেয়াদে অনেকের শরীরে পাইলসের সমস্যা দেখা দিচ্ছে।’ এই পরিস্থিতিতে ভিটামিন সি ও ডি এবং বাড়িতে তৈরি করা পানীয় মাত্রাতিরিক্ত পান না করার পরামর্শ দিয়েছেন তিনি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.