এইমাত্র পাওয়া

বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মোজাফফর হোসেনের মৃত্যু

মোঃ মোজা‌হিদুর রহমান:
বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জেলা পুলিশিং কমিটির সভাপতি প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট মো. মোজাফফর হোসেন আর নেই। বুধবার (১৬ জুন) সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি স্ত্রী-কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছে।
অ্যাডভোকেট মো. মোজাফফর হোসেনের একমাত্র মেয়ে লাবিবা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে তার বাবা বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
বুধবার (১৬ জুন) বাদ আসর বাগেরহাট স্বাধীনতা উদ্যানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বাগেরহাট পৌরসভার সরুইস্থ ছোট কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
জীবদ্দশায় অ্যাডভোকেট মো. মোজাফফর হোসেন বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি, বাগেরহাট জেলা পুলিশিং কমিটির সভাপতি, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় কমিটির সদস্য, বাগেরহাট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাগেরহাট জেলা বিএনপিরও প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন এই প্রবীণ আইনজীবী। এছাড়াও বাগেরহাটের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন এই গুনি ব্যক্তি।
১৯৪০ সালে বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন অ্যাডভোকেট মো. মোজাফফর হোসেন। বাগেরহাট সরকারি স্কুল থেকে এসএসসি, সরকারি পিসি কলেজ থেকে এইচএসসি ও স্নাতক ডিগ্রি অর্জন শেষে ঢাকা ল’ কলেজ থেকে আইন বিষয়ে স্নাতক অর্জন করেন তিনি। পরবর্তীতে বাগেরহাট জেলা জ্বজ আদালতে আইন পেশায় যুক্ত ছিলেন।
তিনি ডেইলি ইনডিপেন্ডেন্টসহ বেশ কয়েকটি জাতীয় পত্রিকায় বাগেরহাট জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
তার মৃত্যুতে বাগেরহাটে শোকের ছায়া নেমেছে সাংবাদিক সমাজে। শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাগেরহাট প্রেসক্লাব, বাগেরহাট ফাউন্ডেশন, বাগেরহাট জেলা আইনজীবী সমিতি, বাগেরহাট রেড ক্রিসেন্ট সোসাইটি, বাগেরহাট জেলা বিএনপি, জেলা যুবদল, জাতীয় সাংবাদিক সংস্থাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.