গত শনিবার বিকাল ৪ টায় সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য চত্ত্বরে প্রগতিশীল ছাত্র জোট, সমাবেশ ও মিছিল করে। প্রগতিশীল ছাত্র জোটের সমন্বয়ক ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে অর্থ সম্পাদক প্রগতি বর্মণ তমার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়নের সভাপতি ফয়েজুল্লাহ এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর সধারণ সম্পাদক নাসিরউদ্দিন প্রিন্স।
সভাপতি তার বক্তব্যে বলেন, সরকার সম্প্রতি বেসরকারী বিশ্ববিদ্যালয়ে যে ১৫ শতাংশ কর আরোপের যে সিদ্ধান্ত নিয়েছে তা শিক্ষার উদ্দেশ্যের সাথে সাংঘর্ষিক এবং শিক্ষাকে পণ্য হিসেবে বিবেচনা করার ঘৃণ্য দৃষ্টিভঙ্গি। এর মাধ্যমে আমরা বুঝতে পারি সরকার শিক্ষাকে কোন দৃষ্টিভঙ্গিতে দেখে। এই দৃষ্টিভঙ্গি শুধু এই সরকারের নয় স্বাধীনতার পরে যারাই ক্ষমতায় এসেছে তারাই এই দৃষ্টিভঙ্গিতে চলেছে। বাংলাদেশের ছাত্র সমাজ অতীতে শাসকশ্রেণীর এই ধরণের ষড়যন্ত্র রুখে দিয়েছে এবং সামনের দিনেও এই ধরণের ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবে এই বিশ্বাস আমরা করি।
এছাড়াও বক্তারা স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় খোলার রোডম্যাপ ঘোষণা, শিক্ষা সংশ্লিস্ট সকলকে ভ্যাক্সিন দেয়া। মালিকদের অবৈধ আয় বাজেয়াপ্ত করে টিউশন ফি নির্ধারণে অভিন্ন নীতিমালা প্রণয়ন করার দাবী জানান। এই দাবীগুলো মানা না হলে সামনের দিনে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।
সমাবেশ শেষে একটি মিছিল টিএসসি প্রদক্ষিণ করে শাহবাগ হয়ে আবার টিএসসিতে এসে শেষ হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
