অনলাইন ডেস্ক।।
পঞ্চম ও অষ্টম শ্রেণির শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ায়-এই দুই শ্রেণীর উত্তীর্ণ শিক্ষার্থীদের এবার বৃত্তি দেয়া হচ্ছে না। এইচএসসি ও সমপর্যায় উত্তীর্ণ শিক্ষার্থীদের বৃত্তি নিয়েও জটিলতা সৃষ্টি হয়েছে। কারণ বিগত সময়ে এই পরীক্ষার ফলের ভিত্তিতে বৃত্তির তালিকা প্রণয়ন করা হতো; কিন্তু পরীক্ষা না নিয়ে এবার অষ্টম শ্রেণী ও এসএসসির ফলের ভিত্তিতে এইচএসসি ও সমপর্যায়ের ফল প্রকাশ করা হয়। এই যুক্তিতে শিক্ষা মন্ত্রণালয়ের এক শ্রেণীর কর্মকর্তা এবার এইচএসসিতে বৃত্তি না দেয়ার পক্ষে; তবে মাউশি অধিদপ্তর ও প্রকল্প কর্মকর্তারা বলছেন, যেহেতু ফল প্রকাশ করা হয়েছে সেহেতু বৃত্তি দিতেই হবে। উচ্চ মাধ্যমিকে এবার বৃত্তি পেতে পারে সাড়ে ১০ হাজার শিক্ষার্থী।
সর্বশেষ অষ্টম শ্রেণীর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ২০১৯ খ্রিষ্টাব্দের ফলের ভিত্তিতে ২০২০ খ্রিষ্টাব্দে ৪২ হাজার ২০০ জন শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হয়। ওই বছর পঞ্চম শ্রেণীর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে ৮২ হাজার ৫০০ জন এবং মাদ্রাসার ইবতেদায়ি সমাপনী পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে ২২ হাজার ৫০০ জনকে বৃত্তি দেয়া হয়।
২০২০ খ্রিষ্টাব্দের ফলের ভিত্তিতে এবারও এই দুই স্তরে সমসংখ্যক শিক্ষার্থীর বৃত্তি পাওয়ার কথা ছিল কিন্তু সরকার করোনা সংক্রমণ পরিস্থিতিতে গত বছর প্রায় স্তরেই সমাপনী পরীক্ষা বাতিল করায় ওই দুই স্তরের শিক্ষার্থীদের বৃত্তির সুযোগ থাকছে না বলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) কর্মকর্তারা জানিয়েছেন। আর পঞ্চম শ্রেণী উত্তীর্ণ শিক্ষার্থীদের বৃত্তি দেয়া হয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) অধীনে। শিক্ষা অধিদপ্তরের একজন পরিচালক জানান, বৃত্তির জন্য যে অর্থ বরাদ্দ ছিল তা ফেরত যাচ্ছে।সেসিপ’র একজন কর্মকর্তা সাংবাদিকদের জানান, বৃত্তি দেয়ার বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। এ বিষয়ে মন্ত্রণালয় (শিক্ষা) চূড়ান্ত সিদ্ধান্ত দেবে। তবে যদি বৃত্তি দেয়া হয় সেক্ষেত্রে এইচএসসি উত্তীর্ণদের মধ্য থেকে ১০ হাজার ৫০০ জন তা পাবে। এই তালিকা ইতোমধ্যে তৈরি করা হয়েছে। এর মধ্যে সাধারণ ক্যাটাগরিতে ৯ হাজার ৩৭৫ জন এবং মেধা ক্যাটাগরিতে এক হাজার ১২৫ জনকে বৃত্তি দেয়া হবে।
তিনি জানান, সাধারণ কোটায় বৃত্তিপ্রাপ্তরা প্রতিমাসে ৩৭৫ টাকা এবং বই, খান ও কলম কেনার জন্য এককালীন ৭৫০ টাকা পাবে। আর মেধা কোটায় শিক্ষার্থীরা প্রতিমাসে ৮২৫ টাকা এবং এককালীন এক হাজার ৮০০ টাকা পাবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
