জুলাই- ডিসেম্বর ২০২০ সনের উপবৃত্তির টাকা পাচ্ছে শিক্ষার্থিরা

অনলাইন ডেস্ক।।
২০২০ সনের জুলাই থেকে ডিসেম্বর মাসের কিস্তির উপবৃত্তির টাকা ৬ষ্ঠ থেকে দশম ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের দেয়া হয়েছে। অভিভাবকদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে এ টাকা পাঠিয়েছে সমন্বিত উপবৃত্তি কর্মসূচি। এ টাকা তুলতে শিক্ষার্থীদের কাছ থেকে কোন বাড়তি ক্যাশআউট চার্জ নেয়া যাবে না বলেও জানানো হয়েছে।
বুধবার (১৯ মে) প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচি থেকে বিষয়টি জানিয়ে আদেশ জারি করা হয়েছে।  ৬ষ্ঠ ও সপ্তম শ্রেণির ১ হাজার ২০০ টাকা, ৮ম শ্রেণির শিক্ষার্থীদের ১ হাজার ৫০০ টাকা, ৯ম শ্রেণির শিক্ষার্থীদের ১ হাজার ৮০০ টাকা, ১০ম শ্রেণির অর্থাৎ ২০২১ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষার্থীদের ২ হাজার ৮০০ টাকা এবং দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের ২ হাজার ৪০০ টাকা উপবৃত্তি বাবদ দেয়া হয়েছে।

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির স্কিম পরিচালক শরীফ মোর্তজা মামুন উপজেলা শিক্ষা কর্মকর্তাদের পাঠানো এক চিঠিতে শিক্ষার্থী ও অভিভাবকদের উপবৃত্তির টাকা তোলার জন্য বলেছেন। চিঠিতে তিনি আরও জানিয়েছেন, উপবৃত্তির টাকা থেকে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইডাদের এজেন্ট পয়েন্ট থেকে কোন প্রকাশ ক্যাশআউট চার্জ কর্তন করা যাবে না। শিক্ষার্থী ও অভিভাবকরা উপবৃত্তির টাকার সমপরিমান টাকা উত্তোলন করতে পারবেন।

যদি কোন মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইডার বা এজেন্ট উপবৃত্তির টাকা থেকে ক্যাশ আউট চার্জ কেটে রাখেন তাহলে সার্ভিস প্রোভাইডার ও এজেন্টের নাম ঠিকানাসহ ইমেইলে ([email protected]) লিখিতভাবে কর্মসূচিকে জানাতে বলা হয়েছে উপজেলা শিক্ষা কর্মকর্তাদের।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.