জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু ২০ জুন

নিউজ ডেস্ক।।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদন ২০ জুন শুরু হবে। চলবে ৩১ জুলাই পর্যন্ত।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির ষষ্ঠ সভায় এ সিদ্ধান্ত হয়।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) আবু হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত বছরের প্রক্রিয়াতেই এবারও ভর্তি পরীক্ষা সম্পন্ন হবে। এ বছরে শিক্ষার্থীদের দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থাকছে। করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করে ভর্তি পরীক্ষার তারিখসহ সংশ্লিষ্ট পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

তিনি আরো বলেন, এবার ভর্তি পরীক্ষার ফি বাড়ানো হয়নি। শিক্ষার্থীরা ইউনিট ভেদে ৬০০ ও ৪০০ টাকা করে ফি দিয়ে আবেদন করতে পারবে।

তবে বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি আবেদনের যোগ্যতা হিসেবে শিক্ষার্থীদের জিপিএ কিছুটা বেশি চাওয়া হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.