নিউজ ডেস্ক।।
ঝালকাঠির নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক খলিলুর রহমান মৃধাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে পৌর এলাকার গৌরিপাশা গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার বিবরণে জানা যায়, খলিলুর রহমান মৃধা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের তার নিজ আইডিতে নলছিটি পৌরসভার টেন্ডার সংক্রান্ত বিষয় নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। বিষয়টি নিয়ে নলছিটি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম টিটু বাদী হয়ে নলছিটি থানায় সোমবার রাতে একটি মামলা দায়ের করেন। রাতেই নলছিটি থানা পুলিশ খলিলুর রহমান মৃধাকে বাড়ি থেকে গ্রেপ্তার করে। খলিলুর রহমান সুজন সুশাসনের জন্য নাগরিকের উপজেলা শাখার সভাপতি ও দৈনিক জনতার উপজেলা প্রতিনিধি।
খলিলুর রহমানের পরিবার জানায়, গত পৌর নির্বাচনে শহিদুল ইসলাম টিটুর সঙ্গে ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন খলিলুর রহমান মৃধা। টিটু বিজয়ী হওয়ার পর থেকেই খলিলের ওপর ক্ষিপ্ত ছিলেন। এরই জের ধরে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করা হয়।
এদিকে সাংবাদিক ও সুজন সভাপতি খলিলুর রহমান মৃধার নামে দায়ের করা মামলা প্রত্যাহার ও অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন জেলার সাংবাদিকরা।
এ ব্যাপারে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ বলেন, ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় তার বিরুদ্ধে এজাহার দায়ের হয়েছে এবং তাকে রাতেই গ্রেপ্তার করা হয়েছে।।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
