এইমাত্র পাওয়া

প্রথম পরীক্ষায় করোনা নেগেটিভ সাকিব

নিউজ ডেস্ক।।

আইপিএল খেলে ভারত থেকে ফিরেছেন একদিন আগেই। আপাতত কোয়ারেন্টাইনে সাকিব আল হাসান। এরইমধ্যে এ তারকা দিয়েছেন প্রথম করোনা পরীক্ষা। দেশে ফেরার পর তার প্রথম করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। ফল পাওয়ার অপেক্ষায় আছেন ভারত থেকে সাকিবের সঙ্গে ফেরা আরেক ক্রিকেটার মোস্তাফিজুর রহমান।

শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক মঞ্জুরুল হোসেন গণমাধ্যমকে সাকিবের প্রথম করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসার খবরটি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে তিনি বলেন, ‘সাকিবের প্রথম পরীক্ষার ফল নেগেটিভ এসেছে, মোস্তাফিজের ফল কাল পাব।’

করোনাভাইরাসের কারণে গত ৪ মে স্থগিত হয়ে যায় আইপিএলের এবারের আসর। এরপর বৃহস্পতিবার ভাড়া করা বিমানে বিশেষ ব্যবস্থায় দেশে ফেরেন সাকিব, মোস্তাফিজ ও তার স্ত্রী। দেশে ফেরার পর বিমানবন্দর থেকেই ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ান্টাইনের জন্য তাদের হোটেলে নিয়ে যাওয়া হয়।

হোটেল সোনারগাঁয়ে স্ত্রীকে নিয়ে কোয়ারেন্টাইনে আছেন মোস্তাফিজ। এছাড়া গুলশানের একটি হোটেলে উঠেছেন সাকিব। কয়েকদিনের মধ্যে এই দুই ক্রিকেটারের আরেক দফা কোভিড-১৯ পরীক্ষা করা হবে। তাদের যদি ১৪ দিন করে কোয়ারেন্টাইন করতে হয় সেক্ষেত্রে সাকিব-মোস্তাফিজ মুক্ত হবেন ২০ মে। আগামী ২৩ মে থেকে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.