অনলাইন ডেস্ক ।।
পৃথিবীজুড়ে চলমান মহামারী নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) থেকে পৃথিবীকে রক্ষা করতে চার প্রস্তাবনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ লক্ষ্যে তিনি উন্নত বিশ্ব ও উন্নয়ন অংশীদারদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
আজ সোমবার, ২৬ এপ্রিল জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (এসকেপ) ৭৭তম অধিবেশনে এক ভার্চুয়াল বৈঠকে এই চার দফা প্রস্তাব উত্থাপন করেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রথম প্রস্তাবে বলেন, কোভিড মহামারি থেকে দ্রুত পুনরুদ্ধারে উন্নত বিশ্ব, উন্নয়ন অংশীদার এবং আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর (আইএফএস) এগিয়ে আসা উচিত। দ্বিতীয়ত, উন্নয়ন পদ্ধতি হওয়া উচিত যে কোনও সংকট থেকে আরও ভালোভাবে উত্তরণের জন্য আরও অন্তর্ভুক্তিমূলক, স্থিতিস্থাপক এবং পরিবেশবান্ধব। শেখ হাসিনা তার তৃতীয় প্রস্তাবে বলেন, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উচিত একটি শক্তিশালী ও সার্বজনীন জনস্বাস্থ্য ব্যবস্থার জন্য দক্ষ নীতি ও কৌশল গ্রহণ করা। চতুর্থ ও চূড়ান্ত প্রস্তাবে তিনি বলেন, বাণিজ্য, পরিবহন, জ্বালানি ও আইসিটি, বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে আমাদের নিরবচ্ছিন্ন যোগাযোগ স্থাপন করতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, কোভিড-১৯ মহামারি বিশ্বজুড়ে স্বাস্থ্য ব্যবস্থা ও অর্থনীতিগুলোকে ধ্বংস করে দিয়েছে। প্রাণঘাতী এই রোগে এরই মধ্যে সারাবিশ্বে ২দশমিক ৯ মিলিয়ন মানুষ মারা গিয়েছে এবং প্রতিদিন শতাধিক মানুষ মারা যাচ্ছেন। মহামারি অনেক মানুষকে দরিদ্র করে দিয়েছে এবং অনেককে দারিদ্র্যের দিকে ঠেলে দিচ্ছে।
রোহিঙ্গা ইস্যু নিয়ে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, মিয়ানমার থেকে ১১ লাখেরও বেশি জোরপূর্বক বাস্তচ্যূত রোহিঙ্গাকে বাংলাদেশ আশ্রয় দিয়েছে। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে একটি কার্যকর সমাধানের জন্য এই বিষয়ে মনোনিবেশ করার আহ্বান জানাচ্ছি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
