অনলাইন ডেস্ক ।।
ভারতে করোনার পরিস্থিতির অবনতি বিবেচনায় নিয়ে গতকাল রবিবার, ২৫ এপ্রিল দেশটির সাথে ১৪ দিনের জন্য স্থল সীমান্ত যোগাযোগ বন্ধ করে বাংলাদেশ। তবে সমস্যা তৈরি হয়ে ভারতে থাকা ভিসার মেয়াদ ফুরিয়ে আসা বাংলাদেশিদের নিয়ে। তাই সরকারের নতুন ঘোষণা, ভিসার মেয়াদ যাদের ১৫ দিনের কম তাদের জন্য তিন স্থলবন্দর খোলা থাকবে। যথাযথ অনুমোদন সাপেক্ষে এসব বন্দর দিয়ে দেশে ফিরতে পারবেন ভারতে আটকে পড়া বাংলাদেশিরা।
রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে। যে তিন বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করা যাবে সেগুলো হলো- বেনাপোল, আখাউড়া ও বুড়িমারি। এসব স্থলবন্দর দিয়ে দেশে ফিরলে ১৪ দিনের জন্য বাধ্যতামূলকভাবে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে যাত্রীদের।
পররাষ্ট্র মন্ত্রনালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (২৬ এপ্রিল) সকাল ৬টা থেকে ৯ মে সন্ধ্যা ৬টা পর্যন্ত স্থলবন্দর দিয়ে লোকজনের চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বাংলাদেশের যে সব নাগরিক চিকিৎসার জন্য বর্তমানে ভারত অবস্থান করছেন তাদের ভিসার মেয়াদ ১৫ দিনের কম হলে এবং ৭২ ঘণ্টার মধ্যে কোভিড-১৯ পিসিআর টেস্টে নেগেটিভ সনদ থাকলে তারা বাংলাদেশ মিশন নয়াদিল্লি, কলকাতা কিংবা আগরতলা থেকে অনুমতি নিয়ে বেনাপোল, আখাউড়া এবং বুড়িমারি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারবেন। এই প্রক্রিয়ায় বাংলাদেশে প্রবেশ করার পর দুই সপ্তাহ কোয়ারেন্টিনে থাকতে হবে। এই তিনটি স্থলবন্দর ছাড়া অপর যে কোনো বন্দর দিয়ে লোকজনের চলাচল দুই সপ্তাহের জন্য পুরোপুরি স্থগিত থাকবে।
ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পণ্য পরিবহনকারী পরিবহনগুলোকে বাংলাদেশে প্রবেশের পূর্বে যথাযথভাবে জীবাণুমুক্ত করা হবে। চালক ও হেলপারকে কোভিড-১৯ নিরাপত্তা প্রটোকল কঠোরভাবে অনুসরণ করতে হবে।
উল্লেখ্য,পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। বৈঠকে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিকিউরিটি সার্ভিস ডিভিশনের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব), মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব, প্রধানমন্ত্রীর দপ্তর, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়. বিজিবি এবং কলকাতা ও আগরতলায় বাংলাদেশ মিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
