অনলাইন ডেস্ক ।।
ধর্মীয় অনুভূতিতে আঘাতসহ মানহানির অভিযোগে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে নেত্রকোনার পূর্বধলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
শনিবার (২৪ এপ্রিল) বিকেলে স্বেচ্ছাসেবক লীগের জেলা কমিটির সহ-গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান রতন অভিযোগটি দায়ের করেন।
অভিযোগে রতন উল্লেখ করেন, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ১৪ এপ্রিল তার ফেসবুক পেজ থেকে এক ঘণ্টার লাইভে আওয়ামী লীগকে জড়িয়ে উস্কানিমূলক, বিভ্রান্তিকর ও মানহানিকর বক্তব্য দেন। নুর বলেন, কোনো মুসলমান আওয়ামী লীগ করতে পারে না। যারা করে তারা ধান্দাবাজ, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও চিটার-বাটপার।
নুর এ ধরনের বক্তব্য দিয়ে ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের পাশাপাশি আইনশৃঙ্খলার অবনতি ও বিক্ষোভ সৃষ্টির অপচেষ্টা করে যাচ্ছেন। তাই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হচ্ছে।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শিব্বির আহমেদ বলেন, আমি থানার বাইরে থাকায় অভিযোগটি এখনো দেখিনি। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শ নিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
