বঙ্গবন্ধু চেয়ার স্থাপিত হচ্ছে দিল্লি বিশ্ববিদ্যালয়ে

অনলাইন ডেস্ক ||

বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নের জন্য দিল্লি বিশ্ববিদ্যালয়ে স্থাপন করা হচ্ছে বঙ্গবন্ধু চেয়ার। এ উদ্যোগের মাধ্যমে আরো বেশি সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থীদের এখানে ভর্তি হতে উৎসাহিত করা হচ্ছে। এ খবর দিয়েছে ভারতের গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদির এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। দিল্লি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পিসি জোশি বলেন, এই চেয়ারটি বাংলাদেশের ৫০ বছরের অংশ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। তিনি আরো বলেন, নৃতত্ত্ব, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, অর্থনীতি বা যে কোনও বিষয়ে শিক্ষক থাকবেন। বিশ্ববিদ্যালয় একটি মানদণ্ড নির্ধারণ করবে এবং এর মাধ্যমে চেয়ারের শিক্ষকের সিদ্ধান্ত নেয়া হবে। এর মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থীরা ভারতের দিল্লি বিশ্ববিদ্যালয়ে এসে পড়াশোনা করতে উৎসাহিত হবে বলে আশাবাদ প্রকাশ করেন জোশি। তিনি বলেন, সেখান থেকে আমাদের প্রচুর শিক্ষার্থী রয়েছে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য কয়েকটি ফেলোশিপ সরবরাহ করা হলে তাদের সংখ্যা বাড়তে পারে। এছাড়া, ২০২০ সালে ২১ জন বাংলাদেশি শিক্ষার্থী দিল্লি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে বলে জানান উপাচার্য পিসি জোশি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.