নিউজ ডেস্ক।।
কুমিল্লায় প্রাইভেটকারের চাপায় গুরুতর আহত মেডিকেল শিক্ষার্থী শাকিল রায়হান (২৫) মারা গেছেন। বৃহস্পতিবার ভোর চারটার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তিনি কুমিল্লা সদর উপজেলার আলেখারচর এলাকার বাসিন্দা ছিলেন। পাঁচ ভাই-বোনের মধ্যে রায়হান সবার ছোট । তার বাবা-মা দু’জনই প্রয়াত। নিহত রায়হান কুমিল্লার সেন্ট্রাল মেডিকেল কলেজের ৮ম ব্যাচের শিক্ষার্থী পঞ্চম বর্ষের ছাত্র ছিলেন।
তার মৃত্যুত কুমিল্লার সেন্ট্রাল মেডিকেল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা.সফিকুর রহমান পাটোয়ারী। তিনি জানান, গত মঙ্গলবার সন্ধ্যার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলেখারচর (বিশ্বরোড) এলাকা পার হয়ে বাসায় ফেরার সময় একটি প্রাইভেটকার রায়হানকে চাপা দিয়ে চলে যায়। এতে তার বুকের হাড়, হাত ও পা ভেঙ্গে যায়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় রায়হানকে কুমিল্লা নগরীর মুন হাসপাতালে নিয়ে যায়। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতলে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে রায়হান মারা যান।
তিনি আরও জানান, রায়হানের বাবা-মা দু’জনেই বেশ কয়েক বছর আগে মারা গেছেন। বাবা ছিলেন পুলিশ কর্মকর্তা। তার এক বোনের ইতালি প্রবাসী স্বামী রায়হানের বিষয়টি দেখভাল করতেন। বৃহস্পতিবার বাদ জোহর জানাজা শেষে রায়হানের মরদেহ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে বলেও জানান তিনি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
