নিউজ ডেস্ক।।
করোনাভাইরাসের ঊর্ধ্বগতির কারণে অমর একুশে বইমেলা বন্ধ হয়ে যাওয়ার আলোচনার মধ্যে ছুটির দিন বিকেলে বইপ্রেমীদের ঢল নেমেছিল মেলা প্রাঙ্গণে।শুক্রবার সকাল ১১টায় মেলার দ্বার খুললেও ক্রেতা-দর্শনার্থীর অভাবে শুরুর দিকে অনেকটা খরায় ভুগে বইমেলার স্টল-প্যাভিলিয়নগুলো।
দুপুর গড়িয়ে বিকেলে নামতেই বদলে যায় সেই দৃশ্যপট। মেলার দুই প্রাঙ্গণ-বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়।বিকেল ৩টার পর থেকে ১৫ লাখ বর্গফুটের বিশাল মেলাপ্রান্তরে বয়ে যায় প্রাণের প্রবাহ; জনসমাগম বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে বাড়তে থাকে বইয়ের বিকিকিনি।
করোনাভাইরাসের আতঙ্কে বইমেলার সময় কমিয়ে সন্ধ্যা সাড়ে ৬টায় বন্ধ করে দেওয়া হলেও চৈত্রের দাবদাহের মধ্যে দুপুরে ক্রেতা-দর্শনার্থীদের আনাগোনা ছিল কম।
বিকেলে মেলা জমে উঠলেও অল্প সময়ে মেলায় পছন্দের বই ঘুরে ঘুরে দেখতে পারছেন না বলে দাবি বইপ্রেমীদের।
দেশে দ্রুত বাড়তে থাকা করোনাভাইরাসের বিস্তার রোধে অবিলম্বে বইমেলা, সামাজিক অনুষ্ঠান, বিনোদন কেন্দ্রসহ যে কোনো ধরনের মেলা বন্ধ করার সুপারিশ করেছে কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।সেই সুপারিশের পরিপ্রেক্ষিতে বাংলা একাডেমি এখনও কোনো সিদ্ধান্ত না নিলেও মেলা কখন বন্ধ হয়ে যায়, তা নিয়ে শঙ্কায় ক্রেতা-বিক্রেতা উভয়ই।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
