নিউজ ডেস্ক।।
উন্নয়নশীল দেশগুলোর জোট ডি-৮ এর দশম সম্মেলন আগামী ৫ এপ্রিল থেকে শুরু হবে। এবারের সম্মেলন আয়োজন করছে বাংলাদেশ।ভার্চুয়াল প্ল্যাটফর্মে এবারের সম্মেলনের সূচনা হবে। চার দিনের এ সম্মেলনের শেষদিন ৮ এপ্রিল জোটের শীর্ষ নেতাদের বৈঠক হবে।
বুধবার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এসব তথ্য জানান।তিনি বলেন, এবারের শীর্ষ সম্মেলনে সভাপতিত্ব করার পাশাপাশি বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । ডি-৮ দেশের রাষ্ট্র বা সরকারপ্রধানরা সম্মেলনে বক্তব্য দেবেন।
বাংলাদেশ ছাড়া জোটের অন্য দেশগুলো হল মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক।
পররাষ্ট্রমন্ত্রী জানান, শীর্ষ সম্মেলনে বর্তমান সভাপতি তুরস্কের কাছ থেকে সভাপতির দায়িত্ব নেবে বাংলাদেশ, এর মেয়াদ থাকবে পরবর্তী দুই বছর।
মোমেন বলেন, দশম ডি-৮ শীর্ষ সম্মেলনের প্রস্তুতিমূলক সভা হিসেবে ৭ এপ্রিল ১৯-তম ডি-৮ কাউন্সিল অব মিনিস্টার্স এবং তার আগে ৫-৬ এপ্রিল ডি-৮ কমিশনের ৪৩তম সেশন হবে ভার্চুয়াল মাধ্যমে।
কাউন্সিল অব মিনিস্টার্সে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন।তিনি জানান, দশম ডি-৮ শীর্ষ সম্মেলনের অংশ হিসাবে ৫ এপ্রিল ডি-৮ বিজনেস ফোরাম এবং প্রথম ডি-৮ ইয়ুথ সামিট হবে।
আসন্ন শীর্ষ সম্মেলনে বাণিজ্য, কৃষি ও খাদ্য নিরাপত্তা, শিল্প সহযোগিতা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প, পরিবহন, জ্বালানি ও খনিজ সম্পদ এবং পর্যটন- এই ছয়টি ক্ষেত্রে আন্তঃ ডি-৮ সহযোগিতা বৃদ্ধিসহ আন্তর্জাতিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক বিষয়ে সম্মিলিত নীতিগত অবস্থান গ্রহণ করা হবে বলে জানান মোমেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
