বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের চার আনা বোনাস দেয়া হয়েছিলো প্রায় দেড় যুগ আগে। এরপর কতোটা বছর চলে গেলো। যুগ কালের কতো কি পরিবর্তন সাধিত হলো। পরিবর্তন হলোনা শুধু বেসরকারি শিক্ষকদের চার আনা বোনাসের।
আজ মহামারি করোনায় স্থবির হয়ে পড়েছে পুরো বিশ্ব। থমকে দাঁড়িয়েছে বিশ্ব অর্থনীতির চাকা। বিশ্বের ধনাঢ্য রাষ্ট্রগুলো করোনার আঘাতে লন্ডভন্ড হয়ে যাচ্ছে। আমাদের দেশও এর ভয়াল ছোবল থেকে রক্ষা পায়নি। মানুষের স্বাভাবিক জীবন যাত্রা চরম ভাবে ব্যাহত হচ্ছে। অন্যান্যদের মতো ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের ৫ লক্ষাধিক বেসরকারি শিক্ষকও।
অধিকাংশ শিক্ষকের মাসিক বেতন ছাড়া বাড়তি কোন ইনকাম নেই। স্ত্রী পুত্র পরিজন নিয়ে দু’ মুঠো খেয়ে পুরে স্বাভাবিক জীবন যাপন কঠিন হয়ে যাচ্ছে। কেউ কেউ পেটের তাগিদে বেছে নিচ্ছেন কৃষি কর্ম, চা পান বিড়ি বিক্রি সহ নানাবিধ সামঞ্জস্যহীন কাজ। এমন কি কেউ কেউ রিক্সা চানালোর মতো বিব্রতকর পেশাকেও বেছে নিচ্ছেন।
সামনে আসছে ঈদুল ফিতর। সরকার বেসরকারি শিক্ষকদের স্কেলের ২৫%, আর কর্মচারীদের ৫০% বোনাস দিয়ে থাকেন। এ বোনাসকে ১০০% করার দাবি দীর্ঘ দিনের। বেসরকারি শিক্ষকদের এ দাবির কথা সরকারের উর্ধমহল পর্যন্ত সকলেই অবগত আছেন। সম্প্রতি মাননীয় শিক্ষা মন্ত্রী একটি বেসরকারি শিক্ষক সমিতির অনুষ্ঠানে দেয়া বক্তব্যে পূর্ণাঙ্গ বোনাস নিয়ে আলেচনার আশ্বাস দিয়েছেন। এতে বেসরকারি শিক্ষকদের মনে আশার আলো সঞ্চারিত হয়েছে।
৫ লক্ষ বেসরকারি শিক্ষকদের শতভাগ বোনাস দিতে বাড়তি আর কয়টি টাকা ই বা লাগে। সরকার দেশের উন্নয়নে কতো বড় বড় ব্যয়বহুল মেঘা পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছেন। তাই, বেসরকারি শিক্ষকরা মনে করেন, শিক্ষকদের এ দাবির বিষয়টি যদি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিতে আনা যায় তাহলে এটা পূরণ হতে পারে।
বিষয়টি সম্পর্কে বেসরকারি শিক্ষক সমিতির নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি।
লেখকঃ
মুহাম্মদ জসিম উদ্দিন
জিরাইল আজিজিয়া ফাজিল মাদরাসা
বাকেরগঞ্জ, বরিশাল।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
