অনলাইন ডেস্ক ||
প্রধান বিরোধী দল জাতীয় পার্টির শীর্ষ নেতৃবৃন্দের সংগে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (২৬ মার্চ) দুপুর ১টা থেকে ১টা ২৫ পর্যন্ত হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও-এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ এমপি, বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি, দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু এবং কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার উপস্থিত ছিলেন।
এসময় বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎসব ও মুজিব শতবর্ষের অনুষ্ঠানে অংশ নেওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানান জাতীয় পার্টির নেতারা।
মুক্তিযুদ্ধে ভারতের অকৃত্রিম সহায়তা, মুজিব-ইন্দিরা চুক্তি বাস্তবায়ন, করোনাকালে বাংলাদেশকে টিকা ও অ্যাম্বুলেন্স দেওয়ায় ভারতের প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। তিস্তাসহ অভিন্ন ৫৪টি নদীর পানি বণ্টনে বাংলাদেশ যেন ন্যায্য হিস্যা পায় এ ব্যাপারে ভারতের প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করেন বিরোধী দলের নেতারা। এছাড়া অন-এরাইভাল ভিসা প্রদান ও স্কলারশিপ বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন তাঁরা।
বাংলাদেশ ও ভারতের জনগণের সম্পর্ক উন্নয়নের বিষয়েও আলোচনা হয়েছে সভায়। ভারতের সাথে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরো জোরালো হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন জাতীয় পার্টির নেতারা।
বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বাংলাদেশের ঐতিহাসিক আয়োজনে উপস্থিত হতে পেরে সম্মানিত বোধ করছি।
তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের অকৃত্রিম বন্ধুত্ব অক্ষয় হয়ে থাকবে। ভারত সব সময় বাংলাদেশের পাশে থাকবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
