অনলাইন ডেস্ক ||
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক, আইন ও মানবাধিকার সম্পর্কিত গ্রন্থে’র প্রণেতা ড. মফিজুল ইসলাম পাটোয়ারীর হাত ধরে যাত্রা শুরু ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির। ইউনিভার্সিটিতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ছাত্রছাত্রীদের গুরুত্ব সহকারে পাঠ দেওয়া হচ্ছে। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং প্রকৌশল পেশার একটি প্রধান শাখা, যা মূলত তড়িৎ ইলেকট্রনিক্স/বৈদ্যুতিক বিজ্ঞান ও তড়িৎ চুম্বকত্ব নিয়ে কাজ করে। যে কোনো দেশেই ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের চাহিদা অত্যন্ত ব্যাপক। এর ব্যাপক চাহিদা অতীতে সব সময় ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। বিশেষত আগামী ৫-৬ বছর ইলেকট্রিক্যালের চাহিদা ইঞ্জিনিয়ারিং বিষয়গুলোর মধ্যে সবচেয়ে বেশি থাকবে বলে আশা করা যায়।
এ বিষয়ের ডিগ্রিধারীদের দেশে-বিদেশে প্রচুর কর্মসংস্থান হচ্ছে। এসব বিবেচনায় এনে ইউনিভার্সিটিতে যুগোপযোগী পাঠ্যসূচি ও অত্যাধুনিক ল্যাবরেটরির মাধ্যমে ছাত্রছাত্রীদের গড়ে তোলা হচ্ছে। এর মূলে যিনি রয়েছেন, তিনি হলেন বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সদ্য প্রাক্তন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সাইফুল ইসলাম। তিনি এ বিভাগের উপদেষ্টা হিসেবে সার্বিক দায়িত্বে রয়েছেন।
ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের বিভাগীয় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন সহযোগী অধ্যাপক আব্দুল বাসেত। তিনি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে লেখাপড়া করে সুইডেন ও নেদারল্যান্ডস থেকে মাস্টার্স করেন। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং দিবা শাখার জন্য এখানে টিউশন ফি নেওয়া হয় ৩ লাখ ৯০ হাজার টাকা। ডিপ্লোমাধারীদের জন্য সান্ধ্যকালীন কোর্স ফি নেওয়া হয় ১ লাখ ৯৯ হাজার ৫০০ টাকা। বিদেশি ছাত্রছাত্রীদের জন্য টিউশন ফি ৪ লাখ ২৫ হাজার টাকা। এই বিভাগের শিক্ষার্থী আমজাদ হোসেন বলেন ইউনিভার্সিটির উন্নতমানের ল্যাব, লাইব্রেরিতে প্রচুর বই থাকায় লেখাপড়ার বেশ সুযোগ রয়েছে। ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী জানান, শিক্ষার মান বজায় রেখে এখানে ছাত্রছাত্রীদের পাঠদান দেওয়া হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
