- অনলাইন ডেস্ক:-
সারাদেশের তাপমাত্রা আগামী ২৫ মার্চ পর্যন্ত আরও বাড়তে পারে। এরপর তাপমাত্রা কমে বৃষ্টিসহ কালবৈশাখী ঝড় হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
মঙ্গলবার (২৩ মার্চ) আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস গণমাধ্যমকে এসব তথ্য জানান।
তিনি বলেন, আগামী ২৫ মার্চ পর্যন্ত তাপপ্রবাহ থাকতে পারে। এরপর থেকে তাপমাত্রা কমতে শুরু করবে। বিশেষ করে ২৭, ২৮ ও ২৯ মার্চ ভালো বৃষ্টি হতে পারে। সারাদেশেই কমবেশি ঝড়বৃষ্টি হতে পারে। কালবৈশাখী ঝড়ও হওয়ার আশঙ্কা আছে। মূলত তাপমাত্রা বেড়ে যাওয়ায় এ ঝড় হতে পারে।
এর আগে সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগসহ রাজশাহী ও পাবনা অঞ্চল এবং নীলফামারী জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
পুর্বাভাসে আরও বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এরপরের ৩ দিন আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে বলেও আবহাওয়ার পূর্বাভাসে উল্লেখ করা হয়।
এদিকে সোমবার (২২ মার্চ) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে সীতাকুণ্ডে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
