এইমাত্র পাওয়া

শিক্ষার্থীদের ইউনিক আইডির জন্য তথ্য চেয়েছে মাউশি

নিউজ ডেস্ক।।

ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের ডাটাবেজ প্রস্তুত করে তাদের ইউনিক আইডিকার্ড দেবে সরকার। এ জন্য শিক্ষার্থীদের তথ্য সংগ্রহের কাজসফলভাবে বাস্তবায়নে মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা চেয়েছে শিক্ষা অধিদপ্তর। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে এসব তথ্য চেয়ে সব আঞ্চলিক শিক্ষা অফিসে চিঠি পাঠানো হয়েছে।

রোববার (২১ মার্চ) অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত চিঠিতে অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। অধিদপ্তর জানায়, বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) আইইআইএমএস শীর্ষক প্রকল্পের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের দুটি বিভাগ এবং এর আওতাধীন সকল সংস্থা, অধিদপ্তর, শিক্ষাবোর্ড এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সমন্বিত শিক্ষাতথ্য ব্যবস্থাপনা পদ্ধতি প্রতিষ্ঠার কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

এ প্রকল্পের আওতায় ‘সিভিল রেজিস্ট্রেশন অ্যান্ড ভাইটাল স্টাটিস্টিকস (সিআরভিএস)’ ব্যবস্থার আলোকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থীর ডেটাবেজ প্রস্তুত এবং ইউনিক আইডি প্রদান কার্যক্রম শিগগিরই শুরু হবে।

এ জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে নির্ধারিত ছকের মাধ্যমে শিক্ষার্থীদের মৌলিক তথ্য ও শিক্ষা সংক্রান্ত তথ্য সংগ্রহের পর ডেটা এন্ট্রির কাজ সম্পন্ন করতে হবে।

তাই আঞ্চলিক, জেলা, উপজেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তা এবং সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদেরকে শিক্ষার্থীদের সঠিক তথ্য দিয়ে জাতীয় গুরুত্বপূর্ণ এ কাজ সফলভাবে বাস্তবায়নে সহযোগিতা করতে বলেছে শিক্ষা অধিদপ্তর।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.