এইমাত্র পাওয়া

অনলাইন শিক্ষায় বাংলাদেশ অনেক এগিয়েছেঃ শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক ||

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ অনলাইন শিক্ষা ব্যবস্থায় অনেকদূর এগিয়ে গেছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শনিবার (২০ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে সৌদি আরবে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আওতায় এসএসসি ও এইচএসসি শিক্ষা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন শিক্ষামন্ত্রী। বাংলাদেশ দূতাবাস আয়োজিত ভার্চুয়াল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)।

সভাপতির বক্তব্যে ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) বলেন, সৌদি আরব ও বাংলাদেশের ভিশন বাস্তবায়নে সৌদি আরবে যুগোপযোগী ও অধিক দক্ষতাসম্পন্ন আধুনিক শ্রমবাজার গড়ার লক্ষ্যে বাংলাদেশ দূতাবাসের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

তিনি আরো বলেন, সৌদি আরবে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করার লক্ষ্যে বাংলাদেশ দূতাবাস পরিকল্পনা গ্রহণ করেছে। সৌদি আরবে বসবাসরত অভিবাসীরা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আওতায় শিক্ষা গ্রহণ করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করায় সৌদি আরবের জন্য শিক্ষা ফি কমানো হয়েছে, ফলে এসএসসিতে ৩৪ জন  ও এইচএসসিতে ৭৯ জনসহ সর্বমোট ১১৩ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। শিগগিরই সৌদি আরবে স্নাতক পর্যায়ের কোর্স চালু করার পরিকল্পনা রয়েছে বলেও জানান রাষ্ট্রদূত।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ড. এম এ মান্নান। এ সময় জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের দায়িত্বপ্রাপ্ত কনসাল জেনারেল এস এম আনিসুল হক ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুলের ডীন ড. সাবিনা ইয়াসমিনসহ, রিয়াদ, জেদ্দা, দাম্মাম ও মদিনাস্থ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষবৃন্দ, বোর্ড অব ডাইরেক্টর্সের সদস্যরা, এসএসসি ও এইচএসসি শিক্ষা কার্যক্রমে ভর্তি হওয়া শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.