এইমাত্র পাওয়া

চট্টগ্রামে ছাত্রলীগ কর্মী খুন

চট্টগ্রামে পূর্বশত্রুতার জেরে ধরে এক ছাত্রলীগ কর্মীকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। সোমবার দুপুর পৌনে ৩টার দিকে নগরের খুলশী থানার জাকির হোসেন সড়কের ওমর গণি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে এ ঘটনা ঘটে।

নিহত জাকির হোসেন সানি (১৮) সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার কলাপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে। সে ঢাকার মিরপুরে একটি বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়াশোনা করত বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

সানির মায়ের দাবি, প্রেম নিয়ে বিরোধের জেরে তার ছেলেকে খুন করা হয়েছে।

তবে ওমর গণি এমইএস কলেজ ছাত্রলীগের নেতাকর্মীদের দাবি, কলেজের ছাত্র সংসদের ভিপি ওয়াসিম উদ্দিনের অনুসারী সানি। কলেজের বিবদমান দ্বন্দ্বের জের ধরে এ খুনের ঘটনা ঘটেছে।

নগর পুলিশের উপকমিশনার বিজয় বসাক সমকালকে বলেন, ‌‘জাকির হোসেন সড়কে সানিকে একা পেয়ে কয়েকজন যুবক মিলে ছুরিকাঘাত করেছে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় কারা কারা জড়িত, তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে।’

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, ‘ওমর গণি এমইএস কলেজভিত্তিক বিবদমান দুটি গ্রুপের দ্বন্দ্বের জেরে খুন হয়েছে সানি। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।’

খুলশী থানার উপপরিদর্শক মো. নোমান সমকালকে বলেন, ‘সানির পিঠে, ডান পায়ের রানে ও বাঁ হাঁটুর নিচে ছুরিকাঘাত করা হয়েছে।’

চমেক হাসপাতালে সানির মা সাজেদা বেগম জানান, চট্টগ্রামে থাকাকালে এক মেয়ের সঙ্গে তার ছেলের প্রেমের সম্পর্ক ছিল। মেয়েটি তাদের বাসায়ও এসেছিল। সানি ঢাকায় চলে যাওয়ার পর মেয়েটির সঙ্গে আরেকটি ছেলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে বিরোধের জেরে পাঁচ-ছয় দিন আগে জিইসি মোড় এলাকার রবিউল নামে এক ছেলে তাকে মারধর করে। তার বাঁ হাতে যারা ওই দিন আঘাত করে, তারাই সোমবার দুপুরে ফোন করে ডেকে নিয়ে তার ছেলেকে খুন করেছে বলে ধারণা মায়ের।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.