জাবির পরবর্তী উপাচার্য কী ঢাবি থেকে!

অনলাইন ডেস্ক ||
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের দ্বিতীয় মেয়াদ শেষ হয়ে যাচ্ছে আগামী ১৯ মার্চ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠের পরবর্তী উপাচার্য কে হচ্ছেন, তা নিয়ে এরই মধ্যে জোর আলোচনা শুরু হয়েছে। এবারও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, নাকি প্রথমবারের মতো এখানকার কোনো শিক্ষক উপাচার্য হিসেবে নিয়োগ পাবেন, তা নিয়ে জল্পনা-কল্পনা চলছে।

২০০৫ খ্রিষ্টাব্দে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথম উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এ কে এম সিরাজুল ইসলাম খান। ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত তাঁর দায়িত্ব পালন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের অধ্যাপক আবু হোসেন সিদ্দিক দ্বিতীয় উপাচার্য হিসেবে এক বছর দায়িত্ব পালন করেন। ২০০৯ খ্রিষ্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মেসবাহ উদ্দিন আহমেদকে তৃতীয় উপাচার্য হিসেবে নিয়োগ দেয় সরকার। তিনিই প্রথম উপাচার্য হিসেবে চার বছর এই দায়িত্ব পালন করেন। এরপর ২০১৩ খ্রিষ্টাব্দের ১৯ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন কোষাধ্যক্ষ ও মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মীজানুর রহমানকে চার বছরের জন্য চতুর্থ উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। প্রথম মেয়াদ শেষে ২০১৭ খ্রিষ্টাব্দে তাঁকে দ্বিতীয় মেয়াদে নিয়োগ দেয় সরকার। আগামী ১৯ মার্চ তাঁর মেয়াদ শেষ হবে। যদিও তাঁর অনুসারী কয়েক শিক্ষক তাঁকে আবারও উপাচার্য হিসেবে চান।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দল পরবর্তী উপাচার্য হিসেবে এক ডজনের বেশি নামের একটি তালিকা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), শিক্ষা মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে জমা দিয়েছে। ওই তালিকায় বিশ্ববিদ্যালয়ের বর্তমান ডিন, সাবেক ডিন, শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, নীল দলের সাবেক ও বর্তমান নেতাদের নাম রয়েছে।

এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হওয়ার জন্য ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর দপ্তরসহ বিভিন্ন জায়গায় লবিং ও তদবির শুরু করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। তাঁদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আজিজ, অধ্যাপক ড. তোফায়েল আহমেদ, ক্রিমিনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. জিয়া রহমান, অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল মালেক, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন সাদেকা হালিম, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি বিভাগের অধ্যাপক ড. মো. আবজাল হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দিন আহমদ, অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জাকারিয়া মিয়া ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আনোয়ারা বেগম।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.