অনলাইন ডেস্ক ||
রাস্তার ফুটপাতে মিলেছে বস্তাভর্তি জাতীয় পরিচয়পত্র (এনআইডি)। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। অন্যদিকে, কে বা কারা রাতের অন্ধকারে রাস্তায় এগুলো রেখে গেছে এবং এনআইডিগুলো আসল না নকল তা জানতে তদন্তে নেমেছে স্থানীয় প্রশাসন। ঘটনাটি সিলেটের খাসদবির এলাকার।
পুলিশ সূত্রে জানা যায়, বস্তাভর্তি অবস্থায় পাওয়া জাতীয় পরিচয়পত্রগুলো খাসদবির এলাকার মানুষের। অবশ্য আশপাশের এলাকারও কারো কারো এনআইডি রয়েছে।
গভীর রাতে পাওয়া এই কার্ডগুলো নিয়ে খোদ পুলিশের কাছেই রহস্য দেখা দিয়েছে। তাই এর কারণ জানতে অনুসন্ধান শুরু করেছে পুলিশ। অন্যদিকে, কার্ডগুলো উদ্ধারের খবরে এলাকাবাসীর মধ্যেও কৌতূহল দেখা দিয়েছে।
পুলিশ জানায়, আম্বরখানা ফাঁড়ি পুলিশ গতকাল সোমবার ভোররাত ৩টার দিকে স্থানীয় এক যুবকের তথ্যের ভিত্তিতে খাসদবির এলাকায় গিয়ে মোজাহিদ ভিলা নামে একটি বাসার সামনে থেকে বস্তাভর্তি কার্ডগুলো উদ্ধার করে। সেখানে মোট তিনটি বস্তা ছিল। এর মধ্যে একটিতে এনআইডি কার্ড এবং অন্য দুটিতে ছিল পুরাতন কাপড়।
আম্বরখানা ফাঁড়ির এসআই মফিজুর রহমান জানান, স্মার্টকার্ড পাওয়ার পর আগের কার্ডগুলো জমা দিতে হয়। এসব কার্ডভর্তি বস্তা কেউ চুরি করে পরে কোনো কারণে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় এয়ারপোর্ট থানার ওসি মাইনুল জাকির জানান, গতকাল সকালে পুলিশ থানার ভেতরে বস্তা থেকে বের করে কার্ডগুলো গণনা করে। মোট ২৮৭টি জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে।
তিনি আরো জানান, কার্ডের ঠিকানা দেখে কয়েকজনকে থানায় ডেকে পাঠানো হয়েছে। তাদের কাছ থেকে এ ব্যাপারে তথ্য পাওয়া যেতে পারে বলে মনে করছেন তারা।
এ সংক্রান্ত সিসিটিভির ফুটেজ ইতোমধ্যে সংগ্রহ করেছে পুলিশ। এতে দেখা গেছে, ওই দিন রাত ১২টা ১০ মিনিটের দিকে বোরকা পরা এক মহিলা বস্তা তিনটি এনে রাস্তার পাশে ফুটপাথে রেখে যান। খাসদবির এলাকা থেকে বেরিয়ে আবার খাসদবির এলাকা দিয়েই চলে যান ওই মহিলা। কিন্তু অন্ধকার থাকায় ওই মহিলাকে শনাক্ত করা সম্ভব হয়নি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
