নিউজ ডেস্ক।।
কুড়িগ্রামে ৯৯৯ এ কল পেয়ে বিপন্ন প্রজাতির একটি গন্ধগোকুল উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম সদর থানা চত্বরে পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা প্রাণিটিকে বনবিভাগের কাছে হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন ফরেস্ট গার্ড নুর ইসলাম, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার প্রমুখ।
পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা জানান, সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পশ্চিম কল্যাণ গ্রামের ধূলাউড়া চার তেপতির মোড়ে স্থানীয়রা মঙ্গলবার দুপুরে গন্ধগোকুলটি আটক করে। পরে সন্ধ্যায় ৯৯৯ এ কল পেয়ে পুলিশ গিয়ে পিপন্ন প্রাণিটি উদ্ধার করে কুড়িগ্রাম সদর থানায় নিয়ে যায়। বৃহস্পতিবার দুপুরে প্রাণিটি বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।
প্রত্যক্ষদর্শী কুড়িগ্রাম সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মীর্জা নাসির উদ্দিন বলেন, খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে যাই। তেপতির মোড়ে প্রাণিটিকে রশি দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছিলো। হাঁপানি রোগ সারতে এই প্রাণির মাংস কাজে দেয়, এমন ধারণা থেকে গন্ধগোকুলটি জবাই করার সিদ্ধান্তের কথা গুনে আমি ৯৯৯ এ কল দেই। এরপর পুলিশ এসে প্রাণিটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে ওই এলাকার ইউপি সদস্য আবু সাঈদ আজাদ জানান, প্রাণিটির যাতে ক্ষতি না হয় এজন্য এলাকাবাসীর সহযোগিতায় প্রাণিটিকে রক্ষা করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ডিউটিরত এএসআই বাদশা আলমগীর ও সঙ্গীয় ফোর্স জানানো হয়। তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রাণিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এখানে সংরক্ষণ ব্যবস্থা না থাকায় পুলিশ সুপারের মাধ্যমে প্রাণিটি বনবিভাগের নিকট হস্তান্তর করা হয়। এ ব্যাপারে কুড়িগ্রাম সদর থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
