অনলাইন ডেস্ক ||
বিশ্বের বিভিন্ন দেশে চলছে কোভিড-১৯ ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম। সকল স্থানেই সরকারিভাবে এবং বিনামূল্যে তা সরবরাহ করা হচ্ছে। তবে সবার কাছে টিকা পৌঁছাতে এখনো অনেকটা সময় লাগবে। আর এই সুযোগে কিছু অসাধু চক্র করোনার নকল টিকা উৎপাদন করে সেগুলো জনসাধারণের কাছে বিক্রি করছে। চীন ও দক্ষিণ আফ্রিকায় এমন অসংখ্য নকল টিকার ডোজ জব্দ করেছে পুলিশ।
আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়, চীনের একটি কারখানায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের ৮০ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। অন্তত তিন হাজার ডোজ নকল জব্দ করেছে পুলিশ। এ ছাড়া দক্ষিণ আফ্রিকার গাওটেং এলাকার একটি গুদামে অভিযান চালিয়ে ২ হাজার ৪০০ ডোজ নকল টিকা জব্দ এবং তিন চীনা ও এক জাম্বীয় নাগরিককে আটক করা হয়েছে।
বুধবার ইন্টারপোল এক বিবৃতিতে জানিয়েছে, দেশ দুটিতে কোভিড-১৯ এর নকল ভ্যাকসিন উৎপাদন ও সরবরাহে যুক্ত আরো বেশ কয়েকটা চক্রের খবর পাওয়া যাচ্ছে। ইতোমধ্যে এ কাজে জড়িত সন্দেহভাজন কয়েকটি জালিয়াত চক্রের কার্যক্রম গুঁড়িয়ে দেয়া হয়েছে।
অনলাইনে এই মুহূর্তে কোনো অনুমোদিত করোনার টিকা বিক্রি করা হচ্ছে না জানিয়ে সংস্থাটি বলছে, যদি কোনো অনুমোদিত বা গোপন ওয়েবসাইটে টিকার বিজ্ঞাপন প্রচার করা হয়, তাহলে সেটিকে অবৈধ হিসেবে ধরে নিতে হবে। কারণ, এসব টিকার কার্যকারিতা পরীক্ষা করা হয়নি এবং স্বাস্থ্যের জন্য বিপজ্জনকও হতে পারে।
চীনের জননিরাপত্তাবিষয়ক মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, নকল টিকার সঙ্গে যুক্ত চক্রগুলোকে রুখতে পুলিশ সক্রিয় আছে এবং এ বিষয়ে ইন্টারপোলের সঙ্গে গঠনমূলক সহযোগিতা বাড়াবে তারা।
এ বিষয়ে ইন্টারপোলের মহাসচিব জারগেন স্টক বলেন, চীন ও দক্ষিণ আফ্রিকায় করোনা টিকা জালিয়াত চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান স্বাগত জানানোর মতো ঘটনা হলেও এটি ‘হিমশৈলের চূড়ামাত্র’।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
