বিশ্ববিদ্যালয়ে জবাবদিহি নিশ্চিতের আহ্বান ইউজিসি চেয়ারম্যানের

নিউজ ডেস্ক।।

বিশ্ববিদ্যালয়ে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ। বুধবার (৩ মার্চ) ইউজিসির আয়োজনে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) ও এপিএএমএস (সফটওয়্যার) বিষয়ক দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ইউজিসি চেয়ারম্যান বলেন, ‘সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি— এই শব্দগুলো এখন জাতীয় স্লোগানে পরিণত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান ও ভাবমূর্তি উজ্জ্বল করতে এগুলো নিশ্চিত করতে হবে।’

সভায় অধ্যাপক কাজী শহীদুল্লাহ আরও বলেন, ‘আমাদের দেশে শিক্ষাক্ষেত্রে সবচেয়ে বেশি স্বচ্ছতা থাকা দরকার। বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করতে এপিএ বাস্তবায়ন জরুরি। এপিএ’র ফোকাল পয়েন্টদেরকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে এপিএ বাস্তবায়নে গুরুত্ব দিতে হবে।’ এপিএ বাস্তবায়নে কোনও ধরনের অবহেলা সহ্য করা হবে না বলেও জানান তিনি।

সভায় ইউজিসি সদস্য অধ্যাপক আলমগীর বলেন, ‘কিছু কিছু পাবলিক বিশ্ববিদ্যালয়ে আর্থিক, প্রশাসনিক ও অ্যাকাডেমিক অস্বচ্ছতা ও জবাবদিহির অভাব পরিলক্ষিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখার স্বার্থে এগুলো পরিহার করে সুশাসন নিশ্চিত করতে হবে।’

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদেরকে উপাচার্যের বা কর্তৃপক্ষের লিখিত নির্দেশনা মোতাবেক দায়িত্ব পালনের অনুরোধ জানান অধ্যাপক আলমগীর। তিনি বলেন, ‘কোথাও কোথাও উপাচার্যের মৌখিক নির্দেশে বেতন বন্ধসহ নানারকম অভিযোগ শোনা যায়। উপাচার্যের শুধু মৌখিক নির্দেশে আর্থিক, প্রশাসনিক ও অ্যাকাডেমিক সিদ্ধান্ত বাস্তবায়ন ঠিক নয়।’

ইউজিসি সদস্য অধ্যাপক বিশ্বজিৎ চন্দ বলেন, ‘উপাচার্যসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে তদন্ত সুখকর নয়। কারণ, শিক্ষকরা সমাজের সম্মানিত ব্যক্তি। ’ ভবিষ্যতে সম্মানিত উপাচার্যদের বিরুদ্ধে যেন তদন্ত করতে না হয়, সেদিকে দৃষ্টি রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে অধ্যাপক আবু তাহের বলেন, ‘ভবিষ্যতে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে মূল্যায়ন ও কর্মদক্ষতার ওপর ভিত্তি করে বাজেট বরাদ্দ হবে। আন্দেলন-সংগ্রাম করে বাজেট বাড়ানো যাবে না। সামগ্রিক মূল্যায়ন করে বিশ্ববিদ্যালয়কে বাজেট দেওয়া হবে।’ তিনি সকলকে সতর্কতা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের অনুরোধ করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন— কমিশনের সদস্য অধ্যাপক ড. দিল আফরোজা বেগম। স্বাগত বক্তব্য রাখেন সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান। অনুষ্ঠানে ইউজিসি সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন ও বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।

ইউজিসি এপিএ’র সদস্য-সচিব গোলাম দস্তগীরের সঞ্চালনায় কর্মশালায় ২৩টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ফোকাল পয়েন্টরা অংশ নেন।

উল্লেখ্য, সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে সরকার এপিএ প্রবর্তন করেছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.