নিউজ ডেস্ক।।
ভারত থেকে করোনাভাইরাসের টিকার দ্বিতীয় চালানে ২০ লাখ ডোজ এসেছে। মুম্বাই থেকে স্পাইস জেটের একটি উড়োজাহাজ টিকার চালান নিয়ে সোমবার রাত সোয়া ১২টার পর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
এ নিয়ে ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকার ৯০ লাখ ডোজ বাংলাদেশে এসেছে।
নতুন আসা টিকা বহন করতে বেক্সিমকোর পাঁচটি ফ্রিজার ভ্যান ঢাকা বিমানবন্দরে উপস্থিত ছিল। উড়োজাহাজ থেকে নামানোর পর টিকা নিয়ে এসব ভ্যান যায় টঙ্গীতে বেক্সিমকোর ওয়ারহাউজে। রাত দেড়টার দিকে ফ্রিজার ভ্যানগুলো টিকা নিয়ে বিমানবন্দর ত্যাগ করে।
স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. আবু নাঈম মোহাম্মদ সোহেল সংবাদমাধ্যমকে ২০ লাখ ডোজ টিকা আসার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, স্পাইস জেটের একটি ফ্লাইটে অন্যান্য মালামালের সঙ্গে টিকার চালানও এসেছে। এই চালানে ২০ লাখ ডোজ টিকা এসেছে। এগুলোর মেয়াদ আছে মধ্য জুন পর্যন্ত। এই ভ্যাকসিন এখান থেকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ওয়ারহাউজে নেওয়া হচ্ছে। সেখান থেকে ওষুধ প্রশাসন অধিদপ্তরের ছাড়পত্র পাওয়ার পরে চাহিদা অনুযায়ী বিভিন্ন কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে। যেসব কেন্দ্রে টিকা কম আছে সেখানে আগে যাবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
