এইমাত্র পাওয়া

ভুয়া আইডি দিয়ে মেইল খুলে রাবি শিক্ষকের বিরুদ্ধে কুৎসা রটনা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে ই-মেইলে কুৎসা রটানোর অভিযোগ পাওয়া গেছে। কুৎসা ছড়াতে এক শিক্ষিকার নামে ভুয়া ই-মেইলও তৈরি করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষিকা থানায় অভিযোগ করেছেন। যার নামে ভুয়া আইডি ই-মেইল খোলা হয়েছে তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস এবং প্রগতিশীল শিক্ষক সমাজের সদস্য।

রোববার করা ওই অভিযোগপত্র থেকে জানা গেছে, প্রথমে ওই শিক্ষিকার নামে একটি ভুয়া আইডি ই-মেইল খোলা হয়। পরে সেটা ব্যবহার করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক সমাজের অনুষ্ঠিতব্য স্টিয়ারিং কমিটির নির্বাচনে এক প্রার্থীর বিরুদ্ধে কুৎসা রটনা করা হয় এবং সেটি রাবির অনেক শিক্ষকের কাছে পাঠানো হয়।

ই-মেইল পাওয়া শিক্ষকদের মধ্যে আছেন- বাংলা বিভাগের শিক্ষক সুমাইয়া খানম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের কাজী জাহিদুর রহমান, আইন বিভাগের রফিকুল ইসলাম, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক অমিতাভ সাহা প্রমুখ।

অভিযোগপত্রে অধ্যাপক জান্নাতুল ফেরদৌস লিখেছেন- কে বা কারা ভুয়া আইডি খুলে রাবির বিভিন্ন শিক্ষকের কাছে মেইল পাঠিয়েছেন। তারা কম্পিউটার তথা ডিজিটাল প্রযুক্তি ও ইন্টারনেট ব্যবহার করে পরিচয় প্রতারণা ও ছদ্মবেশ ধারণ করেছেন। এর পাশাপাশি আমার ব্যক্তিগত সম্মানহানি করেছেন; যা ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮-এর ২৪ এবং ২৯ ধারামতে শাস্তিযোগ্য অপরাধ। তার অভিযোগ আমলে নিয়ে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানান।

এ বিষয়ে মতিহার থানার ওসি সিদ্দিকুর রহমান বলেন, অধ্যাপক জান্নাতুল ফেরদৌস কারও নাম উল্লেখ না করে একটি ই-মেইল অ্যাড্রেসের ওপর অভিযোগপত্র জমা দিয়েছেন। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

উল্লেখ্য, আগামী ২৪ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনায় ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের স্টিয়ারিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে বর্তমান প্রশাসন ও প্রশাসন বিরোধীদের দুটি প্যানেলে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রশাসনপন্থিদের পক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. হাবিবুর রহমান এবং প্রশাসন বিরোধীদের পক্ষে ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. সুলতান উল ইসলাম টিপু আহ্বায়ক পদে নির্বাচন করবেন। এছাড়া ২০ জন করে সদস্যসহ মোট ৪২ জন প্রার্থী হিসেবে অংশ নিচ্ছেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.