যথাযথ মর্যাদায় জাককানইবি’তে আন্তজার্তিক মাতৃভাষা দিবস পালিত

মো ফাহাদ বিন সাঈদ,জাককানইবি প্রতিনিধি ।।

যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে একুশের প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও মোমবাতি প্রজ্বলন এর মধ্য দিয়ে ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) মহান শহীদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

মহান শহীদ দিবস উপলক্ষ্যে শনিবার (২০ ফেব্রুয়ারি) রাত ১১:৩০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের ‘চির উন্নত মম শির’-এর বেদীতে প্রদীপ প্রজ্জ্বলন করে দিবসের কর্মসূচী শুরু করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান। এরপর সেখানেই একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পন করেন উপাচার্য। এরপর একে একে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দিন, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক সমিতি, কর্মকর্তা পরিষদ, সাংবাদিক সমিতি, ছাত্র সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পন করে।

এরপর মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে রবিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে কালো ব্যাজ ধারণ করে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ করেন উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান ও কালো পতাকা উত্তোলন করেন ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দিন।

এসময় শিক্ষক সমিতির সভাপতি মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহ্জাদা আহসান হাবীব, প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) ড. মো. সুজন আলী, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর মিলাদ ও দোয়া মাহ্ফিল এবং সন্ধ্যায় কেন্দ্রীয় মন্দিরে প্রার্থনার আয়োজন করা হবে বলে জানা গেছে।

সন্ধায় অনলাইন আলোচনা সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান –এর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সম্মানিত সিন্ডিকেট সদস্য বীর মুক্তিযোদ্ধা ম. হামিদ। বিষেশ অতিথি হিসেবে আলোচনা করবেন মাননীয় ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দিন। স্বাগত বক্তব্য রাখবেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর। আলোচক হিসেবে আলোচনা করবেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, কলা অনুষদের ডিন ও মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. আহমেদুল বারী, শিক্ষক সমিতির সভাপতি মো. নজরুল ইসলাম, কর্মকর্তা পরিষদের সভাপতি মো. আব্দুল্লাহ আল মামুন। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করেন মো. মাসুদ চৌধুরী।

সন্ধ্যায় আলোচনা সভা শেষে অনলাইনেই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.