অনলাইন ডেস্ক ||
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, “আল জাজিরা যেগুলো সংবাদ প্রকাশ করেছে, দেশের মানুষ এগুলো কেউ বিশ্বাস করেনি। যে ধরনের ষড়যন্ত্রের কথা আপনারা দেখেছেন, এগুলো বাস্তবসম্মত নয়, ভিত্তিহীন এবং উদ্দেশ্যমূলক।”
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে রাজধানী উচ্চ বিদ্যালয়ে সরস্বতী পূজা পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এইসব কথা বলেন।
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, “আমি প্রথম দিনেই বলেছি একটি ষড়যন্ত্র নিয়ে তারা কাজ করছে। যতগুলো তথ্য তারা দিয়েছে, এগুলোর বাস্তব ভিত্তি নেই। সাংবাদিকতার কর্ম নয়, গোপনে গোপনে ফোনে কী বলল সেটা প্রচার করে দেওয়া। আমি মনে করি, বাংলাদেশ এই সমস্ত ষড়যন্ত্র পেরিয়ে অনেক দূর এগিয়ে গেছে।”
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আপনারা দেখেছেন আগে থেকেই আমাদের দেশে নানান ধরনের ঘটনা ঘটিয়ে একটা চক্র অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করার চেষ্টা করেছে। এ ধরনের একটা গুজব রটিয়ে মানুষের মনে অন্য ধরনের পরিস্থিতি তৈরি করার একটা ষড়যন্ত্র ছিল। আজকে আমি জোর গলায় বলতে পারি এ দেশের কেউ এটা বিশ্বাস করে নাই।”
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, “আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ১৯ বার হত্যার প্রচেষ্টা হয়েছে। তাঁকে একের পর এক নানা ধরনের প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে চলতে হয়েছে। অনেক ষড়যন্ত্র, অগ্নিসন্ত্রাস অনেক কিছু তাঁকে মোকাবিলা করতে হয়েছে। এই জায়গায় নতুন আরেকটা রাষ্ট্রের বিরুদ্ধে মিডিয়ার মাধ্যমে কিছু মানুষকে বিভ্রান্ত যায় কি না সে জন্যই এই প্রচেষ্টা। আমাদের সেনাপ্রধান মহোদয় যেটা বলেছেন, সেটা যথার্থই বলেছেন।”
এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, “আমাদের পররাষ্ট্রমন্ত্রী প্রথম দিনেই বলেছেন, তিনি এটার আইনি ব্যবস্থা গ্রহণ করবেন। তাঁর মুখ থেকেই সব শুনবেন।”
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
